আলাদা লেনের দাবিতে স্মারকলিপি দেবে অটোরিকশা শ্রমিকরা
সড়ক-মহাসড়কে অটোরিকশা ও অটোটেম্পুর জন্য আলাদা লেনসহ নয় দফা দাবিতে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন।
আগামী ৩১ অগাস্ট দেশব্যাপী স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি পালন করা হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে ২০১৫ সালের ১ অগাস্ট মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
“এরপর আমরা অনেকবার মহাসড়কে অটোরিকশার জন্য পৃথক লেনের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি; কিন্তু ফলপ্রসূ হয়নি।”
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা ও মোহাম্মদপুর-বসিলা সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্রাক ও অটোরিকশা স্ট্যান্ড। ছবি: আসিফ মাহমুদ অভি
“আমরা মনে করি, লেন সিস্টেম চালু করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে এবং গাড়ি চলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।”
ফেডারেশনের অন্যান্য দাবির মধ্যে অটোরিকশা চালকদের লাইসেন্সের আওতায় আনা, আঞ্চলিক পরিবহন কমিটিতে (আরটিসি) অটোরিকশা প্রতিনিধি অন্তর্ভুক্তি, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, দুর্নীতি ও হয়রানি বন্ধসহ কয়েকটি রয়েছে।
বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফুল মিয়া ভূইয়াসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
