মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনকে শেষ শ্রদ্ধা
একাত্তরে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রোববার বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের শুরুতে মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের এই সাব-সেক্টর কমান্ডারকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বিকাল ৩টার দিকে জিয়াউদ্দিনের কফিন আনা হয় শহীদ মিনারে।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল জাতীয় পতাকায় মোড়ানো এই মুক্তিযোদ্ধার কফিনের সামনে গার্ড অব অনার দেয়।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিয়াউদ্দিনের, শনিবার রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখার পর সকালে মরদেহ নেওয়া হয় তার ধানমন্ডির বাসায়।
সেখানে দুপুর ২টায় পিরোজপুর জিলা স্কুল মাঠে জানাজা শেষে পাড়েরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের অধীনে সাব-সেক্টর কমান্ডার হিসেবে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন মেজর জিয়াউদ্দিন।
সামরিক আদালতে বিচারের নামে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানোর পাশাপাশি জিয়াউদ্দিনকেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান তিনি।
মুক্তিযুদ্ধকালীন সুন্দরবনের বিভিন্ন ঘটনা নিয়ে ‘সুন্দরবন সমরে ও সুষমায়’ নামে একটি বই রয়েছে তার।
