জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
চার শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে।
স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১১টায় বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং দুই দেশের কর্মকর্তারা বিমানবন্দরে বাংলাদেশের হজযাত্রীদের প্রথম দলটিকে স্বাগত জানান।
৪১৮ জন হজযাত্রীর এই দলটিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১০১১ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।
এবারের হজ ফ্লাইট
>> চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১ সেপ্টেম্বর হজ হতে পারে।
>> এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি এ বছর হজে যাওয়ার সুযোগ পাবেন।
>> হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে বিমানের বিশেষ ফ্লাইট চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
>> বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি শিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। আর ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি শিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের দেশে আনবে।
>> সৌদি এরাবিয়ান এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে।
>> সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মত বিমানও এবার হজযাত্রীদের কাছ থেকে উড়োজাহাজ ভাড়ার অর্ধেক অগ্রিম নিচ্ছে।
গত কয়েক বছরের মত এবারও জমজমের পানি আগেই বাংলাদেশে আনা হবে। হজযাত্রীরা ফিরে এলে বিমানবন্দরে তাদের হাতে পাঁচ লিটার করে পানি তুলে দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইকনোমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগে সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসে সর্বোচ্চ ৫৬ কেজি মালামাল নিতে পারবেন। এর বাইরে কেবিন ব্যাগেজে নেওয়া যাবে সাত কেজি।
কোনো ধরনের ধারালো বস্তু- যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁত খিলান, তাবিজ বা গ্যাস জাতীয় বস্তু- যেমন অ্যারোসল এবং ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে বহন করা যাবে না। কোনো ধরনের খাবারও সঙ্গে নেওয়া যাবে না।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এর আওতায় তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়ছে।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার।
