পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীর লাশ, হত্যার অভিযোগ
রাজধানীর মিরপুরে এক পুলিশ দম্পতির বাসায় কর্মরত ১৭ বছর বয়সী গৃহকর্মীর লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিহত গৃহকর্মী রাসেল নাটোরের রফিকুল ইসলামের ছেলে।
মিরপুর বড়বাগ এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় পুলিশ দম্পতি এএসআই নজরুল ইসলাম এবং বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই হোসনে আরার বাসায় এক বছর যাবৎ গৃহকর্মীর কাজ করছিল রাসেল।
ওই বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রোববার বিকালে তাকে পাওয়া যায় বলে গৃহকর্তা এএসআই নজরুল দাবি করলেও মিরপুর থানার এসআই অজিত রায় জানান, মৃতদেহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া যায়নি।
পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত এএসআই নজরুলের দাবি, রোববার দুপুরে ১৩ বছর বয়সী ছেলেকে নিয়ে মিরপুর ১৪ নম্বরে এক দন্ত চিকিৎসকের কাছে যান তার স্ত্রী হোসনে আরা। সেসময় তাদের পাঁচ বছর বয়সী আরেক সন্তানকে বাসায় রাসেলের কাছে রেখে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলছেন, তার স্ত্রী বাসায় ফিরে বাইরে থেকে বন্ধ পেয়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকি ও দরজা ধাক্কানোর পরও তা খুলছিল না রাসেল। বেশ কিছুক্ষণ পর ছোট ছেলে ফাহিম দরজা খুলে দিলে ঘরে ঢুকে রাসেলকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন।
এরপর তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাষ্য এই পুলিশ সদস্যের।
তবে রাসেলকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তার বাবা রফিকুল ইসলামের দাবি, “গত এক বছরে এক টাকাও দেয়নি ওরা (পুলিশ দম্পতি)।”
এরমধ্যে একবার পালিয়ে গ্রামে চলে এলেও রাসেলকে আবার জোর করে নজরুলের বোন ফাহিমা ঢাকায় নিয়ে যায় বলেও জানান তিনি।
এক বছর আগে নজরুলের বোন ফাহিমাই গ্রাম থেকে কাজের জন্য দুই ভাই-বোনের মধ্যে ছোট রাসেলকে ঢাকায় নিয়ে যায়।
অভাবের কারণে সেসময় ছেলেকে ঢাকায় কাজে দিয়েছিলেন বলছেন নাটোরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা রফিকুল।
মৃতদেহে আত্মহত্যার আলামত পাওয়া যায়নি জানিয়ে মিরপুরের এসআই অজিত রায় বলেন, “থুতনির নিচে সামান্য জখম রয়েছে। তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে যেরকম অর্ধচন্দ্রাকৃতি দাগ পড়ে বা সেরকম কোনো লক্ষণ পাওয়া যায়নি।”
রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে যে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
