সার্জেন্টকে মারধর: মামলা প্রত্যাহার দাবিতে জগন্নাথে মানববন্ধনের ডাক
উল্টোপথে বাস নিতে বাধা দেওয়ায় মারধরের শিকার পুলিশের ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।
বুধবার বেলা ১১টায় ভাস্কর্য চত্বরে মানববন্ধন হবে বলে জানান তিনি।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় বাংলামোটর এলাকায় মারধরের শিকার হন সার্জেন্ট কায়সার হামিদ।
এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে আসামি করে মঙ্গলবার রমনা থানায় একটি মামলা দায়ের করেন বলে থানার এসআই আমেনা খানম জানান।
তিনি বলেন, সোমবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী তিনটি দোতলা বাস সড়কের উল্টাপথে যেতে চাইলে তাদের বাধা দেন দায়িত্বরত সার্জেন্ট কায়সার হামিদ।
কিছু শিক্ষার্থী তখন সার্জেন্টের উপর আক্রমণ করে এবং টেনে-হিঁচড়ে তার ইউনিফর্ম ছিড়ে ফেলেন। এ সময় পাশে দায়িত্বরত ট্রাফিক পুলিশের আরেক সদস্য হামলাকারীদের হাত থেকে সার্জেন্ট কায়সার হামিদকে রক্ষা করেন।
ওই মামলা দায়েরের সমালোচনা করে জগন্নাথের শিক্ষার্থী রনিয়া সুলতানা ঝুমুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর সোমবার রাতে একটি টিভিকে সার্জেন্ট কায়সার বলেন, শিক্ষার্থী পরিবহনকারী বাসগুলো উল্টো পথে যেতে চাইলে আমি বাধা দেই। এতে শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয়, পরে বাসের অন্যান্য শিক্ষার্থী এসে ওই শিক্ষার্থীদের বুঝিয়ে বাসে নিয়ে যায়। মারামারির কোনো ঘটনা ঘটেনি,বাক-বিতণ্ডা হয়েছে মাত্র।
“ঠিক একদিনের মাথায় সুর পালটে যায় সার্জেন্ট কায়সারের। মামলার এজহারে তিনি দায়িত্ব পালনকালে হত্যার উদ্দেশ্যে মারধর, যানবাহন ও জন চলাচলে বাধা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ।”
মামলার বিষয়ে জানতে চাইলে জগন্নাথের প্রক্টর নুর মোহাম্মদ বলেন, “শিক্ষার্থীদের নামে মামলা হয়েছে শুনেছি। লিখিত কোনো নথি এখনও পাইনি। তবে আমরা বিষয়টি নিয়ে ডিমএমপি কিমশনারের সঙ্গে আলোচনা করেছি।”
