যাত্রাবাড়ীতে লক্ষাধিক টাকাসহ ১২ ভুয়া ডিবি গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে আগ্নেয়াস্ত্র ও লক্ষাধিক টাকাসহ ডিবি পরিচয়ে অর্থ লুটে নেওয়া চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে গ্রেপ্তার করা এই দলটির সদস্যদের কাছ থেকে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, দুটি হাতকড়া, দুটি চাকু, ডিবি লেখা জ্যাকেট, একটি মাইক্রোবাস এবং এক লাখের বেশি টাকা উদ্ধার করা হয়।
এই দলটি গত ৬ জুলাই সায়েদাবাদ এলাকার একটি ঘটনায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন জানান।
মঙ্গলবার মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, এই চক্রটি সাধারণত ব্যাংকের আশপাশে অবস্থান করে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি পর্বেক্ষণ করে।
“কেউ মোটা অংকের টাকা তুললে দলটির সদস্যরা তাকে অনুসরণ করে।পরে সুযোগ মতো টার্গেট করা ব্যক্তিকে জোর করে মাইক্রোবাসে তুলে ডিবি পুলিশ পরিচয়ে কাছে থাকা টাকা হাতিয়ে নেয়।”
দলটির সদস্য বারেক মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে লুটের এক লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
