রামপুরায় যুবলীগ নেতাকে গুলি
রাজধানীর রামপুরায় যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে গুলিবিদ্ধ কাজী মাসুদ পারভেজ (৩৬) ঢাকা মহানগর যুবলীগের ২২ নম্বর ওয়ার্ড কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মাসুদ রাত ৯টার দিকে পশ্চিম রামপুরা মহানগর প্রকল্পে বাসার পাশে মাঠের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত চলে যায়।
মাসুদের দুই পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।
মাসুদের ছোট ভাই কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী’ তার ভাইকে গুলি করেছে।
ফারুক কারও নাম না বললেও হাসপাতালে আসা কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মটরসাইকেলে মেহেদী, আমজাদ, বুলেট নয়ন ও লেলিনকে দেখা গেছে। তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
