২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ফাহমিদুলের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তারই সহকর্মীর দায়ের করা মামলা তুলে নেওয়ার ঢাকায় মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 11:04 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ লেখক ঐক্য’ ব্যানারে এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি রাখাল রাহা বলেন, “ফাহমিদুল হক একজন সৎ ও প্রতিবাদী শিক্ষক৷ বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশে অরাজক পরিস্থিতি বিরাজমান৷ এতে কারো মানহানি হয় না৷ কেউ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই মানহানি হয়৷

“ফাহমিদুল হকের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷ ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক৷  সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ ধারা বাতিলের কথা বলা হয়েছে৷ কিন্তু এর বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না।”

গত বুধবার ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করেন একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ।

আবুল মনসুরকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক কবি শওকত হোসেন বলেন, “মামলা তুলে নিন; নতুবা আপনাকে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে৷”

সংগঠনের সদস্য চঞ্চল আশরাফ, সমাজকর্মী জাকিয়া শিশির ও সামাজকর্মী ইমরান মোহন মানবন্ধনে বক্তব্য দেন।