লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে শাস্তি বাড়াতে সংসদে বিল
লাইসেন্স ছাড়া কৃষি কাজের জন্য নলকূপ স্থাপনে জরিমানা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবে জরিমানা পরিশোধ ন করলে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।
১৯৮৫ সালের ‘দ্য গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৭’ সংসদে বুধবার উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ১৯ জুন ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৭’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশটি বাংলায় অনুবাদ করে আইনে রূপান্তর করা হচ্ছে।
নলকূপ স্থাপনে লাইসেন্স নেওয়ার বিধান আগের অধ্যাদেশেও ছিল। প্রস্তাবিত আইনে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে।
লাইসেন্স ছাড়া কৃষির জন্য নলকূপ স্থাপনে আগে জরিমানা ছিল সর্বোচ্চ দুই হাজার টাকা। প্রস্তাবিত আইনে তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স স্থগিত ও বাতিল করতে পারবে। বিদ্যমান নলকূপগুলোকে সময় দিয়ে লাইসেন্স নেওয়ার সুযোগ দেওয়া হবে।
যদি কোনো লাইসেন্স এক বছরের মধ্যে তিনবার স্থগিত হয় তবে উপজেলা পরিষদ শুনানি করে তা বাতিল করতে পারবে বলেও বিলে বিধান রাখা হয়েছে।
আগের আইনের মত বিলে উপজেলা সেচ কমিটির বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “কৃষি উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং সেচ কাজে পানির অপচয় হ্রাস, ভূগর্ভের পানির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আইনটি প্রণয়ন করা হয়েছে।”
