ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া এই রিট আবেদনে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ ও ১৯৮০ সালের আইনের আওতায় ন্যায়পাল নিয়োগে সরকারের ‘নিষ্ক্রিয়তা’ প্রশ্নে রুল জা চেয়েছেন তিনি।
স্পিকার, মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব ও রাষ্ট্রপতির সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
ইউনুছ আলী আকন্দ পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। তাছাড়া ন্যায়পাল নিয়োগে ১৯৮০ সালে আইন হলেও সে আইন কার্যকর করা হয়নি।”
সংবিধানের ৭৭ অনুচ্ছেদে বলা হয়েছে, “সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারবেন।”
ইউনুছ আলী আকন্দ বলেন, “ন্যায়পাল আইনের ৩ ধারা অনুযায়ী সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতিকে ন্যায়পাল নিয়োগের ক্ষমতা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৪৬ বছরেও সরকার ন্যায়পাল নিয়োগ দেয়নি। এতে সরকার সংবিধানের ৭৭ অনুচ্ছেদ এবং একইসঙ্গে ১৯৮০ সালের ন্যায়পাল আইনের ৩ ধারা লঙ্ঘন করেছে।”
সরকারের এ ‘নিষ্ক্রিয়তা’ অবৈধ ঘোষণার আর্জি জানানো হয়েছে তার রিট আবেদনে।
