২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সংসদে ক্ষোভের সমালোচনা

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন একটি আলোচনা সভার বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 01:18 AM

Updated : 11 Apr 2022, 11:55 PM

এ ধরনের আলোচনার এখতিয়ার সংসদের নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ গত ৩ জুলাই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। সর্বোচ্চ আদালতের এ রায়ে বিচারপতি অপসারণের ক্ষমতা হারানোর পর সংসদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদরা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে শাহদীন মালিক বলেন, “ইউটিউব থেকে বক্তব্যগুলো দেখলে তাদের নিজেদের উপলব্ধি হবে, তারা কী করেছেন।

“পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, তার এখতিয়ার পার্লামেন্টের নেই। যে আলোচনা হয়েছে, তা আলোচনা করতে গিয়ে সম্ভবত সাংসদরা নিজেরাই নিয়ম-কানুন ভঙ্গ করেছেন।”

তিনি বলেন, “স্কুলে বিলাতের সংসদ সম্পর্কে বলা হয়েছিল, বিলাতের অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম। কিন্তু ওনারা (সংসদ সদস্যরা) ভুলে গেছেন, পড়েছেন ব্রিটিশ পার্লামেন্টের কথা। তারপরে বোধ হয় পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী দেখার, বোঝার জানার ফুরসত তাদের হয়নি।”

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে মন্তব্য করে এই আইনজীবী বলেন, “যে দেশ বিচার বিভাগকে যত বেশি স্বাধীন করেছে, তারা উন্নতির পথে তত বেশি এগিয়েছে। আমাদের কর্তৃত্ববাদী সমাজে ‘বিচার বিভাগটা সবচেয়ে বড় বাধা’ এ চিন্তাটা শুধু শাসক দলের মধ্যে নয়, আমাদের অনেকের মধ্যেও রয়েছে। আমরা মনে করি, ‘বিচার বিভাগ বাধা দিচ্ছে, নয়তো আমরা আরো বেশি এগিয়ে যেতাম’- এই অত্যন্ত ভয়াবহ চিন্তাটা শুধু শাসকদের নয়, এটা বিস্তৃত হচ্ছে। এটা কিন্তু কর্তৃত্ববাদী সমাজের সবচেয়ে বড় নিদর্শন।”

বিচার প্রসাসনেও অনেক ‘গলদ’ রয়েছে মন্তব্য করে শাহদীন মালিক বলেন, “সবচেয়ে বড় গলদ হচ্ছে, এ অঙ্গনে সর্বময় প্রশাসনিক ক্ষমতা প্রধান বিচারপতির। আমরা সরকারের যত সমালোচনা করি না কেন, কিন্তু সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়, একটি কালেকটিভ প্রসেসের মাধ্যমে। কিন্তু বিচার বিভাগে সব সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতি, এটি সাংঘাতিক দুর্বল অবস্থা, এটি অবশ্যই পরিবর্তন করতে হবে।

“একজন ব্যক্তি যত বিজ্ঞ, জ্ঞানী হোক না কেন, যখন সব ক্ষমতা একজনের ওপর থাকে তখন সেখানে গলদ হতে বাধ্য।”

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমরা আজকে এখানে যারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি, তারা বিচার বিভাগের সামনে দাঁড়িয়েছি আসামি হয়ে। কোন কোন ক্ষেত্রে বিচার বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের আসামি হিসেবে দাঁড় করিয়েছে। তারপরও বিচার বিভাগের পক্ষে সোচ্চার হওয়ার প্রয়োজনে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে।”

জনস্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি। কেননা এদেশের ১৬-১৭ কোটি মানুষের অধিকার ক্ষুণ্ন হলে তা দেখার দায়িত্ব একটি মাত্র প্রতিষ্ঠানের, সেটা হাই কোর্ট বা উচ্চ আদালত। আর নিম্ন আদালতে যে কাজগুলো হচ্ছে তা দেখভাল করার দায়িত্ব হচ্ছে উচ্চ আদালতের।”

উচ্চ আদালতের স্বাধীনতা রক্ষায় ষোড়শ সংশোধনী বাতিলের রায় ‘উজ্জ্বল মাইলফলক’ হয়ে থাকবে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “সংসদ যদি মনে করে, তারা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তৎপর, তাহলে তারা আরেকটি সংশোধনী আনুক। সেক্ষেত্রে আমার দুটো প্রস্তাবনা আছে।

“আপনারা সংশোধনী আনেন যে, উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংসদের দুই-তৃতীয়াংশের ভোটের মাধ্যমেই হবে। কিন্তু সেখানে এটি আনেন যে, বিচারকদের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে  সে অভিযোগটা তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা প্রধান বিচারপতি। আমার মনে হয় না তাতে উচ্চ আদালত কোন আপত্তি করবে। কেননা কমনওয়েলথভুক্ত দেশগুলোতেও যেখানে সংসদ উচ্চ আদালতের বিচারকদের অপসারণে ভূমিকা রাখে, সেখানে প্রাথমিক তদন্ত করে প্রধান বিচারপতি বা সুপ্রিম জুডিশিয়াল কমিশনের মতো কোনো বিচারিক প্রতিষ্ঠান।

“আরেকটি পরিবর্তনের কথা বলব, পার্লামেন্টে ভোটাভুটির পদ্ধতিটি গণতান্ত্রিক করুন। কেননা আমরা দেখি- খালেদা যখন সরকারে থাকে তখন খালেদা যা চায় তাই হবে, আবার শেখ হাসিনা যখন সরকারে থাকে তখন শেখ হাসিনা যা চায় তাই হবে। ৭০ অনুচ্ছেদ এভাবে করা হয়েছে। সরকারের স্থিতিশীলতা রক্ষায় ৭০ অনুচ্ছেদ রাখুন, কিন্তু লিখে দেন যে- ৭০ অনুচ্ছেদ শুধু প্রয়োগ হবে আস্থা-অনাস্থা ভোটের ক্ষেত্রে এবং বাজেট পাশের ক্ষেত্রে।

“এ দুটি যদি আপনারা করতে পারেন, তাহলে আমরা অবশ্যই সংসদ কর্তৃক উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ভূমিকাকে সমর্থন করব। এ দুটি জিনিস আপনারা করলে আমরা বুঝতে পারব আপনাদের সৎ আন্তরিকতা রয়েছে, আপনারা উচ্চ আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত ন্যায়বিচার নিশ্চিত করতে চান।”

সভায় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “সংসদকে যে বাক-স্বাধীনতা দেওয়া হয়েছে, তাতে কিন্তু আদালতের শরণাপন্ন হওয়া যাবে না; তবে তা একটি ক্ষেত্র ব্যতীত। সেটা হচ্ছে, সংসদে সাংসদরা যদি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কিন্তু আদালতের শরণাপন্ন হওয়া যাবে।”

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “একটা স্বাধীন দেশে স্বাধীনতা নিয়ে সবাই এখন চিন্তিত। আমজনতা এখন চিন্তা করে, কখন জানি বিরুদ্ধ মত পোষণ করায় আমি অপহৃত হয়ে যাই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিচার বিভাগ- সবাই মনে করে তাদের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।

“কেউই আমরা স্বাধীন না, আমরা যারা ভিন্নমত পোষণ করি, তারা সব সময় একটা আতঙ্ক বা ত্রাসের মধ্যে থাকি যে- এ কথাটা বলার ফলে আমাদের কী হবে? অথচ সংবিধানে বাক-স্বাধীনতা, চিন্তা ও মতামতের স্বাধীনতা আছে।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাংসদদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “যখন সামরিক সরকারের আনা সংশোধনীগুলো বাতিল করে দেওয়া হল, যখন জনগণের আন্দোলনের ফসল হিসেবে আনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হল, তখন কিন্তু রাজনীতিবিদ বা সংসদ সদস্যরা এতটা উত্তেজিত ছিলেন না।

“তখন আবার তাদের দেখেছি বিচার বিভাগের সে রায়কে স্বাগত জানাতে। অথচ আজকে যখন ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া হলো, তখন সকলেরই স্বাধীনতা-সার্বভৌমত্ব চেতনায় গিয়ে আঘাত লাগল।

“তার মানে হচ্ছে রাজনৈতিক স্বার্থ যখন সিদ্ধ হবে, সেই রায়কে স্বাগত। আর রাজনৈতিক স্বার্থ যখন সিদ্ধ হবে না, সেই রায় মানবার মানসিকতা এখনও হয়ত আমাদের আসেনি।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক হাসান তারিক চৌধুরী বক্তব্য দেন।

পুরনো খবর:

ষোড়শ সংশোধন: আদালতের রায় নিয়ে ক্ষোভ সংসদে