ঢাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর গাবতলী এলাকায় একটি বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এরা হলেন- রিপন হাওলাদার (২২) ও মাইন উদ্দিন (৪০)।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনের সেফটি ট্যাংকের মুখ খুলে পরিষ্কার করার জন্য রিপন ও মাইনুদ্দিন ট্যাংকের ভেতরে নামেন।
দুজন ভেতরে ঢোকার পর অচেতন হয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুজনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, রিপনের গ্রামের বাড়ি বরিশাল আর মাইন উদ্দিনের বাড়ি চাঁদপুরে।
