২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকুনগুনিয়া মোকাবেলায় সরকারি হাসপাতালে হেল্প ডেস্ক

চিকুনগুনিয়া মোকাবেলায় দেশের সব সরকারি হাসপাতালে ‘হেল্প ডেস্ক’ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে হেল্প ডেস্ক খোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

এছাড়া চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের শরীরের বিভিন্ন অস্থিসন্ধির ব্যাথা প্রশমনে প্রতিটি হাসপাতালে ‘জয়েন্ট পেইন ক্লিনিক’ বা ‘অর্থালজিয়া ক্লিনিক’ খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসব ক্লিনিক থেকে প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি বা ওষুধ গ্রহণ সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি হাসপাতালে এই সেবা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব সরকারি হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের কাছে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে দেন আবুল কালাম আজাদ।

 

এর আগে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ‘পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার’ বা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কক্ষ খোলে স্বাস্থ্য অধিদপ্তরে।

চিকুনগুনিয়া সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি সার্বক্ষণিক ‘হটলাইনও’ চালু রয়েছে। এর ফোন নম্বর হলো- ০১৯৩৭১১০০১১ ও ০১৯৩৭০০০০১১। 

এছাড়া চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত জেনে সচেতন হওয়ার জন্য www.iedcr.gov.bd ওয়েবসাইট ভিজিট করার জন্যও সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বর্ষা মওসুমের শুরুতে দেশের বিভিন্ন স্থানে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়।

এডিস প্রজাতির এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিকটাস মশার মাধ্যমে চিকুনগুনিয়া রোগের সংক্রমণ হয়।ডেঙ্গু ও জিকা ভাইরাসও এই মশার মাধ্যমে ছড়ায় এবং রোগের লক্ষণ প্রায় একই রকম। এ ধরনের মশা সাধারণত ভোর বেলা অথবা সন্ধ্যায় কামড়ায়। একটি পরিবারের একজন আক্রান্ত হলে মশার মাধ্যমে অন্যদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

 

চিকিৎসকরাজানিয়েছেন, চিকুনগুনিয়া হলে শরীরের গিটে গিটে ব্যথার পাশাপাশি মাথা কিংবা মাংসপেশিতে ব্যথা, শরীরে ঠাণ্ডা অনুভূতি, চামড়ায় লালচে দানা, বমি বমি ভাব হতে পারে।

চিকুনগুনিয়া পরীক্ষার জন্য অপেক্ষা না করে জ্বর হলে প্যারাসিটামল সেবন এবং চিকিৎসকেরপরামর্শছাড়া এন্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

ঘরের ভেতরে অর্ধস্বচ্ছ পানি, ফুলের টব, ফেলে রাখা কৌটা বা বোতল, পানির ট্যাংক, ছাদে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, আবর্জনার স্তুপ বা ডাবের খোসার ভেতরেও জন্ম নিতে পারে এডিস মশা। তাই বাড়ির ভিতরে, বাড়ির ছাদে যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে বলা হয়েছে।

পুরনো খবর:

চিকুনগুনিয়া বেশ ছড়ালেও মহামারী আকারে নয়: প্রতিমন্ত্রী
চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা নিয়ে খবর সঠিক নয়: আইইডিসিআর