২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সুইস দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান মার্টিন ফস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 05:54 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

সোমবার বিকালে বিদায়ী সুইস দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বলেন, “সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত তার কর্মকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞাতা জানান।

“রাষ্ট্রপতি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ককে চমৎকার উল্লেখ করে বলেন, বর্তমানে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।”

পশ্চিম ইউরোপের কিছু দেশের মধ্যে সুইজারল্যান্ড প্রথমে ১৯৭২ সালেল ১৪ মার্চ বাংলাদেশকে স্বীকৃতি দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবদুল হামিদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গত ৪৫ বছর ধরে সহযোগিতার বিভিন্ন দিক স্মরণ করেন বলেও জানান প্রেস সচিব।

দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন তৈরিতে বাংলাদেশ সরকারের উদ্যেগের কথা তুলে ধরে রাষ্ট্রপতির সুইস বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, সিরামিক পণ্য, তৈরি পোশাক বাংলাদেশ থেকে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিদায়ী দূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এ দেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে আশা করেন, বাংলাদেশ নিকট ভবিষ্যতে বিভিন্ন খাতে আরও উন্নতি করবে।