২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘টেলিমেডিসিন’ পেল আন্তর্জাতিক পুরস্কার

ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছে শহরের উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিমেডিসিন’ চিকিৎসা পদ্ধতি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 02:00 AM

Updated : 11 Oct 2022, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন প্রোগ্রাম (ডিইউটিপি) গত ১২-১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি-২০১৭ এ ‘ই-স্বাস্থ্য’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপ পুরস্কার লাভ করেছে।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এবং জাতিসংঘের অনেকগুলো শাখার যৌথ উদ্যোগে ওই সম্মেলন হয়। আইটিইউয়ের মহাসচিব হাওলিন ঝাওয়ের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন কার্যক্রমের পরিচালক ও বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী এই পুরস্কার গ্রহণ করেন।

অধ্যাপক রব্বানীর নেতৃত্বে ২০০৮ সালে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। চিকিৎসা প্রযুক্তি উন্নয়নে ২০১১ সালে টেলিমেডিসিনের কাজ শুরু করেন তিনি।

পরে ২০১৩ সালে মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই চিকিৎসা কার্যক্রম চালু করেন তিনি।

প্রায় দুই বছর মাঠ পর্যায়ে পরীক্ষণ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে ২০১৫ সালের নভেম্বর থেকে স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ‘টেলিমেডিসিন কার্যক্রম’ ছড়িয়ে দেওয়া শুরু হয়। একইসঙ্গে শহরে থাকা বিএমডিসি লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারদের মাধ্যমে এ পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়া  হচ্ছে।

টেলিমেডিসিন কী?

টেলিমেডিসিন সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক সিদ্দিক-ই রব্বানী বলেন, শহর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই টেলিমেডিসিন নামে পরিচিত।এর সহজ বাংলা হচ্ছে দূর চিকিৎসা।

“যেখানে ডাক্তার নেই এমন প্রত্যন্ত গ্রামীণ এলাকার একজন রোগী আধুনিক ডিজিটাল কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অন্য শহর, এমনকি বিশ্বের যে কোনো জায়গায় থাকা একজন এমবিবিএস বা তারও বেশি যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা-পরামর্শ নিতে পারবেন।”