মাল্টিফ্যাবস মামলায় মালিককে আসামি করার দাবিতে রিট
গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানা মাল্টিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এজাহার করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছে একটি মানবাধিকার সংগঠন ।
জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
বয়লার বিস্ফোরণে নিহতদের জন্য ক্ষতিপূরণের পাশাপাশি বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে তার আবেদনে।
সোমবার বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাহফুজুর রহমান মিলন।
তিনি বলেন, গত বছর টঙ্গীতে ‘টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে ৩৬ জনের মৃত্যু হয়। চলতি বছরে দিনাজপুরে ১১ জন এবং সিরাজগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে একইভাবে।
“এই বয়লার কেবল গার্মেন্ট রিলেটেড কারখানায় ব্যবহার করা হয়, তা কিন্তু না। সার কারখানা, অটোমিলসহ বিভিন্ন কারখানায় বয়লার ব্যবহার করা হয়। এই বয়লার ব্যবহার নিয়ে ১৯২৩ সালের একটি আইন আছে। ওই আইনে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে- বয়লারের ব্যবহার, মেয়াদ ইত্যাদি বিষয়ে।”
আইনে বলা হয়েছে, একজন প্রধান পরিদর্শকের মাধ্যমে নিয়মিতভাবে বয়লার পরিদর্শন করতে হবে। আবার ইচ্ছা করলেই কেউ বয়লার স্থাপন করতে পারবে না। পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হলেই বয়লার স্থাপন করা যাবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বয়লার নবায়নেরও বিধান রয়েছে।
মিলন বলেন, “গাজীপুরে যে বয়লারটির বিস্ফোরণ ঘটেছে, সেটি মেয়াদোত্তীর্ণ ছিল। তাহলে এর জন্য দায়ী কে? প্রথমত দায়ী হল কারখানা মালিক। কারণ সে বয়লারটি মেয়াদোত্তীর্ণ জেনেও ব্যবহার করছিল এবং নবায়ন করেনি। দ্বিতীয়ত পরিদর্শক, কারণ নিয়মিত পরিদর্শন করা হলে এ অঘটনটি নাও ঘটতে পারত।”
এ কারণেই বিধিমালা প্রণয়নের আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ বয়লার বিস্ফোরণে কেউ ক্ষতিগ্রস্ত হলে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে বিদ্যমান আইনে। কিন্তু ওই আইনের ২৯ ধারায় বলা আছে, সরকার এ সংক্রান্ত শাস্তি ও ক্ষতিপূরণের বিষয়ে যে কোনো সময় আইন করতে পারে। কিন্তু একের পর এক ঘটনা ঘটলেও সেটা করা হয়নি।”
এছাড়া বয়লার আইনের বিধান অনুসরণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন ‘অবৈধ’ হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, বিজিএমইএর সভাপতি, প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে সেখানে বিবাদী করা হয়েছে।
মাল্টিফ্যাবস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী
তদন্তকারীরা জানিয়েছেন, ওই বয়লারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ঈদের ছুটির পর কারখানা খোলার আগের দিন কর্তৃপক্ষ বয়লারের মেইন স্টপ ভাল্ভ বন্ধ রেখে প্রেসার তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়।
ঘটনার পরদিন পুলিশ যে মামলাটি দায়ের করে, সেখানে নিহত তিন শ্রমিকসহ ১৩ জনকে আসামি করা হলেও কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী বা কর্মকর্তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।
এ কারণে ওই কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গত ৫ জুলাই একটি উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাইফুর রহমান।
সেখানে বলা হয়, “নিহত শ্রমিক আব্দুস সালামের ছেলে হাসান জানিয়েছেন, তার বাবা ওই ফ্যাক্টরিতে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে আসছিলেন। কারখানার বয়লার ছিলো পুরনো ও ফিটনেসবিহীন। মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেও কোনো ব্যবস্থা তারা নেয়নি। ঘটনার দিন তার বাবার ডিউটি না থাকলেও ম্যানেজার টেলিফোনে তাকে কাজে যোগ দিতে বাধ্য করেন।কারখানার মালিক ও কর্তাব্যক্তিরা এ ঘটনার দায় এড়াতে পারে না।”
কারখানা মালিকের অপরাধ চাপা দেওয়ার জন্যই নিহত তিন শ্রমিকসহ তিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ করা হয় ওই নোটিসে।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারাখানার মালিক, মহা ব্যবস্থাপক ও ব্যবস্থাপককে আসামি করে মামলা, তাদের গ্রেপ্তার ও নিহতদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়ে আইনজীবী সাইফুর রহমান সেখানে বলেন, “অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাই কোর্ট বিভাগে মামলা করতে বাধ্য হব।”
