২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুলের জন্য ঢাবি সাংবাদিকতা বিভাগের মানববন্ধন

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলা প্রত্যাহার ও এই ধারা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 03:58 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

এছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবসহ যেসব সাংবাদিকের বিরুদ্ধে এই ধারায় মামলা হয়েছে, তাও বাতিলের দাবিও তোলা হয় মানববন্ধনে।

গত ৩ জুলাই বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেইসবুকে মন্তব্য করার অভিযোগে নাজমুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে দিনাজপুরের কোতোয়ালী থানায় ৫৭ ধারায় মামলা হয়।

গত ২৮ জুন সাংবাদিক নাজমুল হোসেন ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে বিচারপতিদের জন্য লালসিঁড়ির রেওয়াজ ও প্রটোকল ডিউটি নিয়ে মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছে।

মানববন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, “এই ধারার অনেকগুলো দিক অস্পষ্ট। এই ধারায় মামলা হলে জামিন পাবে না, এটা একটা ভয়ঙ্কর দিক।”

হয়রানি করতেই এই ধারায় মামলা করা হচ্ছে বলে জানান তিনি।

ধারাটি বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে দ্বিধার কারণে আপনারা বিলম্ব করছেন ৫৭ ধারা প্রত্যাহারে, তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে।

“যখন সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে এই মামলা হচ্ছে তখন কিন্তু সরকারে ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ন হচ্ছে। সরকারে অনেক উন্নয়নমূলক কাজ কলঙ্কিত হচ্ছে। তাই আমি সরকার, তথ্যমন্ত্রী, আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানাব, অনতিবিলম্বে ৫৭ধারা বাতিল করুন এবং এই ধারাটি বাতিল করে সাংবাদিক ও সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিন।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান বলেন, “এই সমস্যা নতুন নয়, এ ধারার ফলে যা ঘটেছে, তার চিত্র ভয়াবহ। এই আইনের মাধ্যমে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তা নয়, অনেক সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে।”

তিনি বলেন, “সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে মামলা করা প্রত্যাহারের দাবিতে এখানে দাঁড়ানো একটা উপলক্ষ হলেও আজকে আমাদের অবস্থান ৫৭ ধারার বিরুদ্ধে। নাজমুল হোসেনের মামলা যেমন প্রত্যাহার করতে হবে, শুধুমাত্র মামলা প্রত্যাহারে মধ্যে এই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না। যেসকল সংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাও প্রত্যাহার করতে হবে।”

এই ধারাটি বিলোপের দাবি জানিয়ে তিনি বলেন, “আইন প্রণয়নকারী, প্রয়োগকারী ও সাংবাদিকরা সকলেই যখন এই আইন বিলোপের পক্ষে একমত তখন কেন এই আইন প্রত্যাহার করা হচ্ছে না- এটা প্রশ্ন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন বলেন, এই ধারা মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথকে কণ্ঠরোধ করে।

সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে মামলা ‘হয়রানিমূলক’ বলে মনে করেন তিনি।

অন্যদের মধ্যে মানববন্ধনে অংশ নেন অপরাধ বিজ্ঞানের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান ও মারজিয়া রহমান, সাংবাদিক নাজমুল হোসেনের সহপাঠী ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন ও ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক তুহিন শুভ্র অধিকারীসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের অ্যালামনাই অ্যাসোসিয়েশন মানববন্ধনে সংহতি প্রকাশ করে।