পুনর্বাসনের দাবিতে জুরাইন-পোস্তগোলার হকারদের মানববন্ধন
রাজধানীর জুরাইন-পোস্তগোলা এলাকায় ফুটপাতের হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পোস্তগোলা এলাকার শতাধিক হকার এ মানববন্ধনে অংশ নেয়।
এতে হকার সংগ্রাম পরিষদের সদস্য সচিব সেকান্দার হায়াত বলেন, “জুরাইন পোস্তগোলা এলাকায় ফুটপাতে প্রায় এক হাজার হকার ব্যবসা-বাণিজ্য করে জীবনযাপন করছে। এরই মধ্যে সেনাবাহিনী এলাকা ছেড়ে দিতে বলেছে।
“এর ফলে এক হাজার পরিবারের জীবন জীবিকা সঙ্কটের মধ্যে পড়ে যাবে। আমরা হকারদের পুনর্বাসনের ব্যবস্থা চাই।”
পদ্মা সেতু থেকে রাজধানীর যাত্রাবাড়ী পর্যন্ত সড়ক সম্প্রসারণ কাজের জন্য জুরাইন-পোস্তগোলা এলাকার রাস্তার দুইপাশে গড়ে ওঠা হকারের দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনা দেয় ওই সড়ক প্রকল্প বাস্তবায়নাকারী সংস্থা সেনাবাহিনী।
জুরাইন পোস্তগোলা এলাকার হকার্স কমিটির আহ্বায়ক এ কে এম খায়রুল বাসার বলেন, “সেনাবাহিনী আমাদের ছেড়ে চলে যেতে বলেছে, চলে যাব। তবে আমাদের উচ্ছেদ করলে আমরা যাব কোথায়।
এ সময় হকার উচ্ছেদের জন্য চক্রান্ত চলছে দাবি করে তিনি বলেন, “সেনাবাহিনীর যতটুকু জায়গা লাগবে আমরা ছেড়ে দেব, কিন্তু একটি চক্র চক্রান্ত করে আমাদেরকে এখান থেকে সরিয়ে নিজেরা দোকান বসিয়ে ব্যবসা করতে চাচ্ছে। এমনকি এরই মধ্যে আমাদের কাছে প্রতি দোকানের জন্য দুই লাখ করে টাকাও চেয়েছে।
“আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব দোকান দেওয়ার জন্য। এই এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যবসা করছি, এখানে সেনাবাহিনী সীমানা নির্ধারণ করে দিলে বাকি এলাকায় আমরা ব্যবসা করব, অন্যথায় আমাদের আগে পুনর্বাসন করুন।”
এ কে এম খায়রুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তৃণমূল হকার্স লীগের সভাপতি হারুন-অর রশিদ।
