২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচল সড়কের দুপাশে ১০০ ফুট চওড়া খাল খনন শুরু

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের দুইপাশে ১০০ ফুট চওড়া খালের খনন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 02:59 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

শনিবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের ডুমনি এলাকায় খননকাজ উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান আবদুর রহমান।

২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক বৈঠকে এ প্রকল্প প্রস্তাব পাশ হয়। সে সময় প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার।

২০১৮ সালের অগাস্টে এ প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে রাজউক। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ২৮৬ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৮৪ কোটি টাকা।

এজন্য ইতোমধ্যে প্রায় ৯০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় রাজউক চেয়ারম্যান আবদুর রহমান বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে এটি বাংলাদেশে একটি নিদর্শন হিসেবে দাঁড়াবে।

“এটির কাজ শেষ হলে এই খালের সৌন্দর্য একটি আইকন হিসেবে দাঁড়াবে।”

প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীসহ সবার সহযোগিতা চেয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, “আমি অনুরোধ করব এই সহযোগিতাটা সবাই যেন করে, যাতে এই কাজটা আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি।

“অন্তত খাল খননের কাজটা যেন সম্পন্ন করতে পারি। রাজউকও ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে।”

ইতোমধ্যে প্রায় দুই বছর সময় পেরিয়ে গেছে, বাকী সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব কিনা- এমন প্রশ্নে রাজউকের চেয়ারম্যান বলেন, “এই সময়ের কাজ শেষ করা সম্ভব। 

“আমরা চেষ্টা করবে বেশি সময় না নিয়ে কাজ শেষ করতে। এখানে বেশি সময় গেছে জমি অধিগ্রহণের জন্য। প্রকল্পের সময়টা জমি অধিগ্রহণসহ ধরা হয়েছে। বাকি সময়ের মধ্যে খাল খনন শেষ হয়ে যাবে।”

প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১৩ কিলোমিটার খাল, প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়ক, ৩৯ কিলোমিটার ওয়াকওয়ে, চারটি ইউলুপ, খালের ওপর ১৩টি সেতু, চারটি এক্সপ্রেসওয়ে ফুটওভারব্রিজ এবং পাঁচটি স্লুইসগেট নির্মাণ করা হবে।

এছাড়া একটি পাম্প হাউজ, ১২টি ওয়াটার বাস স্টপ ছাড়াও ৪ দশমিক ৭ কিলোমিটার স্টর্ম স্যুয়ার লাইন নির্মাণ করা হবে বলে প্রকল্পের কর্মকর্তারা জানান।

পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে এ খাল খনন করা হবে। এক্সপ্রেসওয়ে থেকে দুপাশেই সাড়ে ৬ মিটার সার্ভিস সড়ক থাকবে।

এরপর তিন মিটার প্রশস্ত হাঁটার পথের পর ৩০ মিটার খাল থাকবে। খালের পর আবার দুই মিটার হাঁটার পথ, ছয় মিটার সার্ভিস রোড থাকবে। সবার শেষে থাকবে দেড় মিটার করে হাঁটার পথ।

উদ্বোধনীতে রাজউকের প্রধান প্রকৌশলী এএসএম রায়হানুল ইসলাম, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, রাজউকের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, কুড়িল পূর্বাচল লিংক রোডের দুইপাশে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।