রোবট অলিম্পিকসে যাচ্ছে বাংলাদেশের কিশোররা
স্কুলশিক্ষার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রথম ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিকসে’ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কিশোরদের একটি দল।
চলতি জুলাই মাসে ওয়াশিংটন ডিসিতে ‘ফার্স্ট গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাসহ ৬ মহাদেশের প্রায় ১৬৪টি দেশের তরুণ শিক্ষার্থীরা অংশ নেবে। এর মধ্যে ৪০টির বেশি দেশ এশিয়ার।
তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব ও উদ্ভাবনী গুণাবলি গড়ে তুলতে ফার্স্ট গ্লোবালের এই উদ্যোগ।
ঢাকার একাডেমিয়া স্কুলের সাবেক শিক্ষার্থী লাবিব তাজওয়ার রহমান বাংলাদেশের দলটির নেতৃত্ব দেবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের সদস্যরা হলেন- সুজয় মাহমুদ (ম্যানগ্রোভ স্কুল), আজমান ইসলাম (হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল), আদ্রিয়ান দীপ মোহান্ত (হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল), শাহ সাকীফ ইমাম (অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল), লালেহ-নাজ বার্গম্যান হোসেইন (সানবিমস স্কুল)।
দলটির সদস্যদের ‘মেন্টর’ হিসেবে থাকবেন ‘দ্য টেক একাডেমির’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামস জাবের।
প্রতিযোগিতায় দলগুলোকে একটি করে রোবট তৈরি করতে হবে, যা পানি ও সংক্রামক উপাদন সংগ্রহ করতে সক্ষম। এলগরিদম ব্যবহার করে দুই ধরনের উপাদানের পার্থক্য বুঝে সেগুলোকে আলাদা জায়গায় রাখতে পারবে ওই রোবট।
যুক্তরাষ্ট্র থেকে আয়োজকদের পাঠানো রোবট-কিট ব্যবহার করে বর্তমানে বাংলাদেশ দল তাদের রোবটটি বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
