২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানোর সাত মামলায় বুলুর ৬ মাসের জামিন

ঢাকায় গাড়ি পোড়ানো ও নাশকতার সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 02:47 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

বিচারপতি মো মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ রোববার জামিনের এই আদেশ দেয়।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

পরে ব্যারিস্টার সাকিব সাংবাদিকদের বলেন, ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় এসব মামলা হয়। এর মধ্যে পল্টন থানা ছাড়া বাকিগুলিতে একটি করে মামলা আছে।

এছাড়াও তার বিরুদ্ধে আরও ৫৪টি মামলা রয়েছে বলে জানান এই আইনজীবী।

গত ১৮ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে বরকত উল্লাহ বুলু ৩১ মামলায় জামিন আবেদন করলেও বিচারক কামরুল ইসলাম তাকে কারাগারে পাঠান।

আইনজীবী সাকিব বলেন, “পরে তিনি ১৯ মামলায় জামিন পেতে হাই কোর্টে আবেদন করেন। আজ সাতটি মামলার জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে তাকে।”

এসব মামলার সবগুলোই এখনও তদন্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

আত্মসমর্পণের পর বিএনপি নেতা বুলু কারাগারে