২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক জঙ্গিরা অচিরেই গ্রেপ্তার হবে: আইজিপি

নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ সব পলাতক জঙ্গিকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা শাখাসহ অন্যান্য গোয়েন্দারা কাজ করছে জানিয়ে অচিরেই তাদের গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 02:44 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

পুরনো খবর:

৫ জঙ্গির খোঁজে আটকে গুলশান হামলার তদন্ত

রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনীর শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে নব্য জেএমবির নেতৃস্থানীয় অনেকেই নিহত হন; গ্রেপ্তারও হয় অনেক জঙ্গি। এরপর সংগঠনটির নেতৃত্বে আসা আইয়ুব বাচ্চু ছদ্মনামের এক জঙ্গিসহ গুলশান হামলায় জড়িত আরো প্রায় পাঁচ জঙ্গি এখনও রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।

এ প্রেক্ষাপটে ফের সেই ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে পুলিশ প্রধান বলেন, “আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে।

“আইয়ুব বাচ্চু বলেন আর যাহাই বলেন, সবগুলোই আমাদের জালে পড়বে। আমরা (পুলিশ) সবগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের পুলিশ গোয়েন্দাসহ সব গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।”

আইজিপি শহীদুল বলেন, “আমরা আশা করি, তারা অবশ্যই যত বড় জঙ্গি নেতাই হোক না কেন? তারা দুস্কৃতকারী, তারা মানবতাবিরোধী, তারা দেশবিরোধী। তাদেরকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং অচিরেই হয়তো তারা গ্রেপ্তার হবে।”

জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ জাতিকে জানাবে বলেন জানান আইজিপি।

তিনি বলেন, “জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলো ‘জিরো টলারেন্স’। জনগণকে সরকার আহ্বান জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং আমরাও (পুলিশ) আহ্বান জানিয়েছি।

“আমাদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ... মাওলানা, আলেম এরা সবাই এগিয়ে এসেছেন; জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।”

তিনি বলেন, “আমাদের যথেষ্ট অর্জন আছে, কিন্তু আমরা এখনও (জঙ্গিদের) নির্মূল করতে পারিনি- এটা সত্য; কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি।”

নেতৃস্থানীয় যত জঙ্গি ছিল সকলেই পরাস্ত হয়েছে মন্তব্য করে শহীদুল হক বলেন, “অনেকে নিহত হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে জেল হাজতে আছে।

“নির্মূল করতে হলে গোটা জাতিকে এই জঙ্গিদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। আমরা সুশীল সমাজ থেকে আরম্ভ করে সকল স্তরের জনগণকে আহ্বান জানিয়েছি জঙ্গিদের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে।”

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জঙ্গিরা সমাজে বসবাসকারী জনগণের মধ্যে রয়েছে; জনগণ যখন চোখ কান খোলা রাখবে, সচেতন হবে এবং এদের (জঙ্গি) বিরুদ্ধে সোচ্চার হবে, তখনই এদের নির্মূল করা সম্ভব।

“তবে আমি আশাবাদী, যেহেতু এই পর্যন্ত আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, সমর্থন পেয়েছি; এই বাংলাদেশে এই বঙ্গবন্ধুর দেশে কোনো জঙ্গিবাদ থাকবে না। জঙ্গিবাদ অবশ্যই নির্মূল হবে। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি।”

জঙ্গিদের উপস্থিতি দেশের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব জেলাগুলোয় বেশি কেন এমন এক প্রশ্নে আইজিপি বলেন, “পুরান যারা জঙ্গি ছিল, তাদের দৌরাত্ম ছিলে নর্থ বেঙ্গল ও পশ্চিমের জেলাগুলোয়; একারণে ওই সব এলাকায় সংখ্যাটা বেশি।

“তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে, যাতে যুবক সমাজ ভুল ব্যাখ্যায় নতুনভাবে জঙ্গিবাদে না জড়ায়।”

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ডিআইজি মো. মহসিন হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।