সময় ধরে চলছে না ট্রেন
ঈদের ষষ্ঠ দিনে শনিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেশের নানা প্রান্তের যাত্রী নিয়ে ট্রেন আসার কথা থাকলেও প্রথম ট্রেন আসে বিকালে।
‘রংপুর এক্সপ্রেস’র প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় ছিল সকাল ৬টা ৫ মিনিট, তবে তা পৌঁছায় বিকাল ৪টা ১০ মিনিটে। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘সিল্ক সিটি’ দুপুর ১টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায় বিকাল সাড়ে ৩টায়।
এ বিষয়ে কমলাপুর রেলস্টশনের সহকারী স্টেশন মাস্টার নৃপেন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরবঙ্গের ট্রেনে ঈদের ছুটিতে সব সময়ই চাপ একটু বেশি থাকায় শিডিউল ওলটপালট হয়।”
রংপুর এক্সপ্রেসের ১০ ঘণ্টা দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, “উত্তরবঙ্গের যাত্রী অনেক বেশি হওয়ায় তাদের ওঠানামা, ট্রেনের টার্নওভার সব কিছু মিলিয়ে ঈদের আগের দিন ট্রেনটি ঢাকা থেকে ছাড়তে দেরি করেছিল। সেটিই এখনও চলছে।
“সোমবার থেকে এই ট্রেনের শিডিউল আমরা ঠিক করে ফেলব। চেষ্টার ত্রুটি করছি না।”
সকাল ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছে সকাল ৯টায় কমলাপুর ছাড়ার কথা ছিল রংপুর এক্সপ্রেসের। তারই অপেক্ষায় সকাল সাড়ে ৮টা থেকে স্টেশনে এসে বসে ছিলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো. শফিকুল আলম হেলাল। শ্বশুরকে নিয়ে রংপুর এক্সপ্রেসে টাঙ্গাইল যাবেন তিনি।
অপেক্ষার মধ্যে ক্ষুব্ধ কণ্ঠে হেলাল বলেন, স্টেশনের অনুসন্ধান বিভাগে গিয়ে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুতে ছিল বলে জানতে পেরেছিলেন।
“দেখেন এখন বাজে সাড়ে ৩টা, আর কোনো খবর নাই ট্রেনের। অনুসন্ধানের লোকরাও কথা বলতে চাচ্ছে না। কী একটা পরিস্থিতিতে আছি বলে বোঝাতে পারব না।”
ঢাকার আদালতে কর্মরত রংপুরের যাত্রী ফারজানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গতকাল টিকেট কেটেছি। ট্রেন নাকি শুনছি গত কয়েকদিন ধরেই এত দেরি করছে। টিকেট কাটার সময় তারা বলে দিতে পারতেন, এত দেরি হবে।”
বিকাল সাড়ে ৩টায় সিল্ক সিটিতে রাজশাহী থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় আসেন সিটি ব্যাংকের কর্মকর্তা সিফাতুল ইসলাম।
তিনি বলেন, রাজশাহী থেকে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে ৮টা ১০ মিনিটেঅ
“দেরিতে তো ছেড়েছেই আবার যমুনা সেতুর পশ্চিম পাশে প্রায় এক ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে ছিল।”
এ বিষয়ে নৃপেন্দ্র সাহা বলেন, “ছাদে ওঠা লোকদের নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার থাকে, আবার রেল ক্রসিংয়েও দেরি হয়। ঈদের সময় এসব কারণেই সাধারণত দুই-এক ঘণ্টা দেরি হয়।”
