রানির হাত থেকে সম্মাননা নিলেন সাজিদ-রাহাত
বাণিজ্যিক ও ঘরোয়া পরিবেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় তারুণ্যের শক্তির ব্যবহারের স্বীকৃতি হিসেবে এ বছরের কুইন্স ইয়ং লিডার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি সাজিদ ইকবাল ও রাহাত হোসেন।
বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে এই দুজনসহ কমনওয়েলথভুক্ত ৩৬টি দেশের অর্ধশতাধিক বিজয়ীর হাতে রানি এলিজাবেথ তার নামে চালু করা এই পুরস্কার তুলে দেন।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথের দেশগুলোর তরুণদের জন্য তিন বছর আগে এ পুরস্কার চালু করে যুক্তরাজ্য সরকার।
প্রিন্স হ্যারি, স্যার মো ফারাহ, লিয়াম পেইন, ডেম তান্নি গ্রে-থম্পসন, অনিতা রানি, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের চেয়ারম্যান জন মেজর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে লন্ডনের অস্ট্রেলিয়া হাউজে পুরস্কার বিজয়ী ও অতিথিরা মিলে ২০১৮ সালের কুইনস ইয়ং লিডার কর্মসূচির কার্যক্রম শুরু করেন।
পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা তাদের নেতৃত্ব বিকাশে যুক্তরাজ্য সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।
রানির কাছ থেকে পুরস্কার নেওয়ার আগে বিজয়ীরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন; সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের যুক্তরাজ্য অফিস পরিদর্শন এবং সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে দেখা করেন।
তারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের এক কর্মশালায়ও অংশ নেন। বিজয়ীরা বছরজুড়েই যুক্তরাজ্যের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঝুঁকিপূর্ণ জনগণের জীবন বদলে দিয়েছে এমন প্রকল্পগুলো দেখার সুযোগ পাবে বলেও যুক্তরাজ্য সরকার জানিয়েছে।
