২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতদের স্মরণ সেই হলি আর্টিজানে

এক বছর আগে যে স্থানে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন, গুলশানের সেই ভবনে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হল তাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 11:28 AM

Updated : 11 Oct 2022, 02:14 PM

পুরনো খবর:

হামলার বার্ষিকীতে ৪ ঘণ্টা খোলা থাকবে সেই হলি আর্টিজান

ভয়াবহ জঙ্গি হামলার পর গুলশানের ২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কের বাড়িটিতে এখন নেই হলি আর্টিজান বেকারি; ভবন মালিক নিজেই থাকার জন্য বাড়িটি গোছাচ্ছেন।

বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওই ঘটনায় নিহতদের স্মরণ অনুষ্ঠানের জন্য শনিবার কিছু সময়ের জন্য খোলা রাখা হয় ভবনটি; এর মধ্যে বিভিন্ন দূতাবাস ও সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় শ্রদ্ধামঞ্চে।

সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিকিও হাতায়েদা ওই ভবনে গিয়ে ফুল দিয়ে স্মরণ করেন নিহতদের।

সকাল ১১টার দিকে ফুল দিতে যান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমাসহ দূতাবাসের কর্মকর্তারা।

ফুল দেওয়ার পর একটি শোকবাণী পাঠ করেন ইতালি দূতাবাসের কর্মকর্তা। এসময় কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ফুল দিয়ে পুলিশ পাহারায় তারা চলে যান।

জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি; তার মধ্যে নয়জন ছিলেন ইতালির, সাতজন ছিলেন জাপানি। নিহত জাপানিরা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন।

ইতালিয়ান বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদেতে সেদিন নিহত হয়েছিলেন। তার স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বিপুল কুমার সমাদ্দার।

সকালে সাংবাদিকদের হলি আর্টিজানের ফটকের সামনে যেতে দেওয়া না হলেও পরে সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়।

Image
কূটনীতিকরা শ্রদ্ধা জানানোর সময় অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ছবি: জয়ন্ত কুমার সাহা

কূটনীতিকরা শ্রদ্ধা জানানোর সময় অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ছবি: জয়ন্ত কুমার সাহা

এর কারণ ব্যাখ্যা করে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “বিদেশিদের অনুরোধ ছিল, তাদের ছবি তোলা যাবে না।”

সকাল ১১টার আগে শ্রদ্ধা মঞ্চে ফুল দেওয়া হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজি মোখলেছুর রহমানের নেতৃত্বে।

সেদিন হামলা ঠেকাতে গিয়ে এখানে নিহত হয়েছিলেন পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও পরিদর্শক সালাউদ্দিন।

পুলিশ কর্মকর্তা মোখলেছুর গুলশান হামলার ঘটনাটিকে একটি ‘টার্নিং পয়েন্ট’ উল্লেখ করে সাংবাদিকদের বলেন, “সে ঘটনার পর জঙ্গিবাদের যে ব্যাপকতা দেখা গিয়েছিল, তা মোকাবেলা করতে পেরেছি।

“আমরা এমন ঘটনার সঙ্গে পরিচিত ছিলাম না। আমরা সেদিন তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের রক্ত দিয়ে জীবন দিয়ে সে ঘটনার মোকাবেলা করেছিলাম। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কোনোভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দিতে চাইনি।”

সকাল ১০টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে হলি আর্টিজানে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Image
ঠিক এক বছর পরে এই হলি আর্টিজান বেকারি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয় শনিবার। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ঠিক এক বছর পরে এই হলি আর্টিজান বেকারি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয় শনিবার। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী কাদের সাংবাদিকদের বলেন, “জঙ্গিবাদ পুরোপুরিভাবে নির্মূল হয়নি, দুর্বল হয়েছে। শুধু ফোর্সের (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) উপর নির্ভর করলে চলবে না। দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।

জঙ্গিবাদের যারা পৃষ্ঠপোষক, তাদের মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালানোর কথাও বলেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক।

আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে কাদের বলেন, “ফ্রান্স ও লন্ডনের মতো দেশে পুলিশ যা পারেনি, আমাদের দেশের পুলিশ তা করে দেখাতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা গর্ববোধ করি। তারা অসম সাহসিকতার সঙ্গে উগ্র জঙ্গিবাদকে মোকাবেলা করছে। বীরত্বপূর্ণ অবদান রেখেছে।“

সকাল ১১টার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল শ্রদ্ধামঞ্চে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিহাস বন্ধুত্বের। সেই জায়গা থেকে কখনও ভাবিনি বাংলাদেশে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনা আমাদের বিপুলভাবে নাড়া দিয়ে গেছে।

Image
জঙ্গি হামলার ঘটনাস্থল বাড়িটি এখন। ছবি: আসিফ মাহমুদ অভি

জঙ্গি হামলার ঘটনাস্থল বাড়িটি এখন। ছবি: আসিফ মাহমুদ অভি

শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে সরকারের নানামুখী ভূমিকা জঙ্গিবাদ ও সন্ত্রাসের  পথ রুখবে বলেও মন্তব্য করেন তিনি।

ফুল দেওয়ার পর একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, “যারা এই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত তাদের দর্শন কোনো সাধারণ দর্শন নয়। তারা মওদুদীবাদ-ওহাবীবাদের সমর্থক। সেই দর্শনকে তারা ধারণ করে।

“আমরা গতবারও দাবি করেছি, এখনও করছি, ধর্মের নামে মানুষ হত্যা চলছে, তা বন্ধ করতে হলে অবিলম্বে জামাত-হেফাজতের মতো শক্তিকে নিষিদ্ধ করতে হবে।”

শ্রদ্ধা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সেলিম রেজা নূর, আসিফ ‍মুনীর, শমী কায়সার।

বদিউল আলম মজুমদার বলেন, “আমরা আজ ব্যথিত, মর্মাহত ও একইসঙ্গে ক্ষুব্ধ। ধর্মের নামে সেদিন মানুষ হত্যা করা হয়েছে। এখন সরকারের একটি সুচিন্তিত কৌশল নির্ধারণ করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের অপশক্তিতে মোকাবেলায় জনতা ও রাজনীতির এক সম্মিলিত রাজনৈতিক ঐক্য দরকার।”

শহীদ বুদ্ধিজীবী  মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এক বছর আমরা অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়েছি, আন্দোলন করেছি, শোক প্রকাশ করেছি। আমাদের সাংস্কৃতিক আন্দোলন আরও জোরদার করে মানুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।”

শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান সেলিম রেজা নূর হলি আর্টিজান বেকারির হামলাকে ‘বিভৎস’ ও ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, “ইসলামের নামে মানুষ হত্যা করা যাবে না। বিশ্বে যেন এরকম ঘটনা আর না ঘটে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে।”

Image
গুলশানের যে বাড়িতে ছিল হলি আর্টিজান বেকারি, যেখানে এক বছর আগে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন, সেখানে শনিবার তাদের স্মরণ করা হয়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

গুলশানের যে বাড়িতে ছিল হলি আর্টিজান বেকারি, যেখানে এক বছর আগে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন, সেখানে শনিবার তাদের স্মরণ করা হয়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

জঙ্গিদের দমানোর জন্য সংস্কৃতি ও শিক্ষাচর্চার উদ্যোগ আরও জোরদার করতে হবে বলে জানান অভিনেত্রী শমী কায়সার।

লেকের ওপাড়ে কালাচাঁদপুর, লেক ঘেঁষেই সুবোধ কুমার হালদারের ফ্ল্যাট।

ভয়াল রাতের অভিজ্ঞতা শোনাতে গিয়ে তিনি বলেন, “সেদিন রাত ৯টার দিকে প্রথম গুলির আওয়াজ শুনি। এরপর সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স আর হেলিকপ্টারের শব্দ ক্রমেই ঘন হতে থাকে।কী হচ্ছে ওখানে-উৎকণ্ঠায় গেল সারা রাত।

“আমার মেয়ে ছয় বছর বয়সী কারিনা হালদার আতঙ্কে রাতভর ঘুমায়নি। সকাল ৮টা থেকে থেমে থেমে শুরু হয় গুলির শব্দ। এর কিছুক্ষণ পর জানতে পারি, জঙ্গিরা সবাই মারা গেছে। আমরা ইতালিতে ১১ বছর ছিলাম।।ইতালিয়ান নাগরিকদের ব্যবহার ভালো। যখন জানতে পারি ইতালিয় নাগরিক মারা গেছে তখন আমরা খুব শোকাহত হয়ে পড়ি।”

হামলাকারীদের ইসলাম সম্পর্কে জ্ঞান একেবারেই নেই বলে মনে করেন ঢাকার আলিয়া মাদ্রাসা কামিলের ছাত্র আল আমিন।

“কোরান-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই করে তাদের দিয়ে এসব কাজ করানো হয়েছিল। আল্লাহর নবী বিনা কারণে মানুষ হত্যা নিজেও করেননি, এবং সারা জীবন মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে।”

যুক্তরাষ্ট্র থেকে আসা নওশিন নোভা বলেন, “আমি সেসময় দেশে ছিলাম না। এবার দেশে এসেই নিহতদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আমার আমেরিকান বন্ধুদের বলেছি, এ ঘটনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না।”

এডিএন গ্রুপের অ্যাডভাইজার প্রকৌশলী আহসান উদ্দিন চৌধুরী ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিফাত আরা রৌফ এসেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।

Image
এক বছর আগে এই হলি আর্টিজান বেকারিতেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

এক বছর আগে এই হলি আর্টিজান বেকারিতেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ড. রিফাত বলেন, “আজ পহেলা জুলাই আমার জন্মদিন। কিন্তু কে জানত যে, এমন একটি দিনেই এমন একটি নৃশংস ঘটনা ঘটবে। আমি বোধহয় কখনো আমার জন্মদিনে আনন্দ করতে পারব না।”

এডিএন গ্রুপের অ্যাডভাইজার প্রকৌশলী আহসান উদ্দিন চৌধুরী বলেন, “গত বছর এ দিনে আমি আমার স্ত্রীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলাম। কিন্তু গুলশানের ঘটনা এতটা নাড়া দেয় যে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে দেই। নিরস্ত্র, নিরপরাধ মানুষকে মেরে ফেলা হল, এটা কি জিহাদ? আমি তরুণদের বলব, ইসলামের চর্চা করো।”

 

শ্রদ্ধা জানাতে আসা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ডেপুটি কমিশনার ও লেখিকা রাশিদা সুলতানা বলেন, “আমার ছেলেকেও নানাভাবে ইসলামী দাওয়াত দেওয়া হত। আমার ছেলে এসে বাসায় বলত, উঠতি তরুণরা ইসলামের নামে উগ্রবাদিতার কথা বলত। আমি কিন্তু ছেলের ব্যাপারে সতর্ক হয়ে গেলাম। উগ্রবাদীরা এখন ভালনারেবল হয়ে উঠছে। তারা লেখাপড়া জানা ও প্রযুক্তি জানা তরুণদের দলে টানতে চাইছে।”

জঙ্গিবাদ বা সন্ত্রাস রুখতে হলে বাবা মায়ের সঙ্গে সন্তানের বন্ধুত্বের সম্পর্কটি আরও গভীর হতে হবে বলে মন্তব্য করেন তিনি।  

“আমার মনে হয়, আমার মতো অন্য বাবা-মায়েদেরও সন্তানের বন্ধু হতে হবে। ছেলে বা মেয়ে পরীক্ষায় খারাপ ফল করল, আর সে বিষন্নতায় ভুগতে লাগল, একাকী হয়ে পড়ল- এরাই কিন্তু একসময় পথভ্রষ্ট হয়ে বিপথগামী হয়ে পড়ে, সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাবা মায়ের সচেতনতাই পারে এসব রুখতে।”

Image
গুলশানের যে বাড়িতে ছিল হলি আর্টিজান বেকারি, যেখানে এক বছর আগে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন, সেখানে শনিবার তাদের স্মরণ করা হয়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

গুলশানের যে বাড়িতে ছিল হলি আর্টিজান বেকারি, যেখানে এক বছর আগে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন, সেখানে শনিবার তাদের স্মরণ করা হয়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

সন্ধ্যার দিকে সময় পেলে প্রায়ই হলি আর্টজানে আসতেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহাদ সুলতানা। সেদিন সন্ধ্যায়ও আসার কথা ছিল। কিন্তু গাড়ি চালকের জরুরি কাজ থাকায় আর আসা হয়নি তার।

সুলতানা বলেন, “আমিও হয়ত সেদিন এলে মারা পড়তাম। সেদিনের কথা ভেবে এখনও শিউরে উঠি। একটু বলি, সেদিনের ঘটনার পর কিন্তু ঢাকা শহরের আমূল পরিবর্তন ঘটে গেছে। এখন সন্ধ্যা নামলে এদিকে এলে মনে হয় যেন এক ভূতের নগরী। কত মানুষের জীবন বেমালুম পাল্টে গেল।”

দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টি শুরু হওয়র পার দেড়টার দিকে হলি আর্টিজানের ফটক বন্ধ করে দেওয়া হয়।

তারপরও শোকার্ত মানুষ শ্রদ্ধা জানাতে ফুল হাতে কাকভেজা হয়ে আসছিল।

পরীবাগ থেকে আসা সিয়াম, সাব্বির জানালেন, যদি হলি আর্টিজানে গিয়ে ফুল দিতে না পারেন, তবে ব্যারিকেডেই ফুল দিয়ে যাবেন তারা।