২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপনে ৪ ক্ষেত্রের নারী সম্মাননা

প্রথা ভেঙে খেলাধুলায় অংশগ্রহণ ও কৃষি উদ্যোক্তাসহ চার ক্ষেত্রের সফল নারীদের সম্মাননা দিয়ে কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 04:55 PM

মঙ্গলবার সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবি সুফিয়া কামালের জন্মদিনের অনুষ্ঠান। 

অনুষ্ঠানের প্রথম পর্বে সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পর দ্বিতীয় পর্বে চার ক্ষেত্রের তিন নারী এবং এক নারী ফুটবল দলকে দেওয়া হয় ‘সুফিয়া কামাল সম্মাননা ২০১৭’।

এবার ‘প্রথা ভেঙে খেলাধুলায় অংশগ্রহণ’র জন্য সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ মহিলা ফুটবল দলকে।

এছাড়া নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য রংপুরের শাবানা আকতার, সফল কৃষি উদ্যোক্তা হিসেবে জামালপুরের মোতাহারা নাসরিন, ‘অপ্রচলিত পেশা বেছে নেওয়া’য় রাজবাড়ীর মৎসজীবী আরতি রাণী বিশ্বাস পান এবারের সুফিয়া কামাল সম্মাননা।

মহিলা পরিষদের সহ-সভাপতি ডা. ফৌজিয়া মোসলেমের সভাপতিত্বে আলোচনায় ‘মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা এবং শিক্ষা ও সুফিয়া কামাল’ শিরোনামে স্মারক বক্তব্য দেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।

পুরুষতান্ত্রিক সমাজে প্রতিকূল পথ মাড়িয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গিয়ে কবি সুফিয়া কামাল সুস্থ সমাজ নির্মাণের পথ দেখিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

সুফিয়া কামালকে নারী, গণতন্ত্র, সমাজ ও সংস্কৃতি আন্দোলনের ‘পুরোধা ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করে অনুপম সেন বলেন, “সমাজে অনেক বৈষম্য রয়েছে। নারী-পুরুষ, শ্রেণি, শিক্ষা যার মধ্যে অন্যতম। এসবের বিরুদ্ধে কবি সুফিয়া কামাল লড়াই করেছেন।

“একজন নারী হয়েও তিনি দমে যাননি। বরং অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেছেন, সমাজে আলো ছড়িয়েছেন। তৈরি করে গেছেন সুস্থ্য সমাজ নির্মাণের পথ।”

তিনি বলেন, “আশরাফ সম্প্রদায়ের মেয়ে ছিলেন কবি বেগম সুফিয়া কামাল। তার ঘরের ভাষা উর্দু থাকা সত্ত্বেও তিনি তা মেনে নেননি। লড়ে গেছেন বাংলাকে বাঙালির ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য।  অন্যান্য বাঙালি মেয়েদের মত সুফিয়া কামাল বিয়ের পরে থেমে যাননি। বরং স্বামীর সহযোগিতায় চালিয়ে গেছেন লেখাপড়া; নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমন দৃষ্টান্ত সহজে মেলা ভার।”

এর আগে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল ও প্রদীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন শেষে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। শুরুতেই পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা প্রদানের জন্যও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখি দাস পুরকায়স্থ বলেন, “শতবর্ষ পরেও কবি সুফিয়া কামাল সমুজ্জ্বল। তিনি জননী সাহসিকা। হৃদয়ে সবসময় তার উপস্থিতি অনুভব করি। নারী-পুরুষ ও মানুষে মানুষে অসমতা দূরীকরণে সুফিয়া কামাল আমৃত্যু কাজ করে গেছেন। মহিলা পরিষদও একই পথে হাঁটছে।”

দেশে সময়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের ছাত্রী-তরুণী ও সমাজ সচেতন নারীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের অঙ্গীকার নিয়ে কবি সুফিয়া কামালের নেতৃত্বে ১৯৭০ সালের ৪ এপ্রিল গঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ।  কবি ছিলেন এই পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।

রাখি দাস পুরকায়স্থ বলেন, “তার আদর্শে উজ্জীবিত হয়ে মহিলা পরিষদ কাজ করছে, এগিয়ে যাচ্ছে নির্মল সমাজ ও রাষ্ট্র গঠনের পথে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, সীমা মোসলেম, নাসরিন মনসুরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে রোকেয়া সদনের শিক্ষার্থীদের কন্ঠে পরিবেশিত হয় ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে/ তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর মোহ-কালিমা ঘুচায়ে’ গানটি।

সুষ্মিতা আহমেদ গেয়ে শোনান ‘তাই তোমার আনন্দ আমার 'পর/তুমি তাই এসেছ নীচে’, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান’।

কণ্ঠশিল্পী ইফফাত আরা দেওয়ানের  শোনান ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’ ও ‘আজি তোমায় আবার চাই শুনাবারে, যে কথা শুনায়েছি বারে বারে’ পরিবেশিত হয়।