যুদ্ধাপরাধ: হবিগঞ্জের গোলাপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ২২ অগাস্ট
যুদ্ধাপরাদের মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক আওয়ামী লীগ নেতা আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিতে আগামী ২২ অগাস্ট দিন ঠিক করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া আগামী ১২ জুলাই তাকে তদন্ত সংস্থার সেইফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।
আবেদনের উপর শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গাজী এমএইচ তামিম।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলার অগ্রগতি প্রতিবেদন দিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তিন মাসের সময় চেয়ে আবেদন করা হয়েছিল। পাশাপাশি তদন্তের স্বার্থে আসামিকে সেইফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছিল।
“ট্রাইব্যুনাল গোলাপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ অগাস্ট দিন ধার্য করেছে। একইসঙ্গে আগামী ১২ জুলাই গোলাপকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।”
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রাম থেকে আবুল খায়ের গোলাপকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করা হয়।
আবুল খায়ের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।
গ্রেপ্তারের দিন হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র বলেছিলেন, ২০১৬ সালের ১৩ মার্চ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নবীগঞ্জ উপজেলার আতানগিরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে আবুল খায়ের গোলাপ আলবদর আল-শামস ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন। গোলাপের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের সময় দিনারপুর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্থান থেকে মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতেন।
ওই অভিযোগে আরও বলা হয়, ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকাল ৪টার সময় গোলাপের নেতৃত্বে একদল পাক হানাদার বাহিনী বাদীনিকে ধরে নিয়ে যায়। পরে তাকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেন আবুল খায়ের।
আসামি প্রভাবশালী হওয়ায় আগে মামলা করার সাহস করেননি বাদী। বর্তমান সরকারের আমলে যুদ্ধপরাধী ও মানবতাবিরোধী ব্যক্তিদের বিচার শুরু হলে বাদী এই অভিযোগ দায়ের করেন বলে মামলায় বলা হয়।
মামলার প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে হবিগঞ্জের পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। এর প্রেক্ষিতে হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ওসি মো. মোক্তাদির হোসেন তদন্ত শেষে গত বছরের ৩১ জানুয়ারি গোলাপের বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দাখিল করেন।
