একাত্তর আমার কাছে শুধু সংখ্যা নয়, অস্তিত্বের অংশ: সেলিনা হোসেন
একাত্তর বছর বয়স শুরুর দিনকে ভিন্নমাত্রায় দেখার কথা জানিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, বাঙালির মুক্তিসংগ্রামের সাল একাত্তর তার কাছে শুধু একটি সংখ্যা বা শব্দ নয়, অস্তিত্বের অংশ।
সেলিনা হোসেনের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের ব্যানারে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে যোগ দেন অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি আজিজুর রহমান আজিজ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলা একাডেমিতে বুধবার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
সেলিনা হোসনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তাকে ‘অনন্য’ কথাসাহিত্যিক অভিহিত করে মন্ত্রী বলেন, “তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা। বাঙালি জীবনের মহত্তম ভাবনায় প্রণীত তার বহু গ্রন্থ অসামান্য মননশীলতার পরিচয় বহন করে। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ তার লেখায় অপূর্ব বন্ধন সৃষ্টি করে।”
বিশ্বজিৎ ঘোষ
সেলিনা হোসেনের ‘চাঁদবেনে’, ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’, ‘কাঁটাতারে প্রজাপতি’, ‘গায়ত্রী সন্ধ্যা’ ও ‘সোনালী ডুমুর’-উপন্যাসগুলোর কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “এসব উপন্যাসে সেলিনা হোসেন নিজস্ব ভাবনায় ইতিহাসকে সমকালের সঙ্গে বিমন্দ্রিত করেছেন। ইতিহাসের কঙ্কালেই নির্মাণ করেছেন সমকালের জীবনবেদ।
“ইতিহাসের সঙ্গে সমকালীন মানবভাগ্য বিমন্দ্রিত করতে গিয়ে সেলিনা হোসেন অদ্ভুত এক নিরাসক্তিতে উভয়ের যে আনুপাতিক সম্পর্ক নির্মাণ করেন, তা বাংলা উপন্যাসের ধারায় এক স্বতন্ত্র অধ্যায় সৃষ্টি করেছে।”
‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘যুদ্ধ’ উপন্যাস নিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের উপন্যাসে একাত্তরে সাধারণ মানুষের জাগরণটাকেই ধরতে চেয়েছেন সেলিনা হোসেন।”
সেলিনা হোসন
বিশ্বজিৎ ঘোষ বলেন, “বাংলাদেরশের সাহিত্য ধারায় সেলিনা হোসেন প্রকৃত প্রস্তাবেই নির্মাণ করেছেন নিজস্ব একটা ভুবন। সাহিত্যিক হিসেবে সামাজিক দায়বদ্ধতাকে তিনি কখনও বিস্মৃত হননি। তার সকল রচনার পশ্চাতেই থাকে একটা সামাজিক অঙ্গীকার, থাকে একটা প্রগতিশীল ভাবনা।”
শৈশব-কৈশোরের অভিজ্ঞতার সঞ্চয়কে উপজীব্য করে সাহিত্য রচনায় নিজেকে সম্পৃক্ত রাখার কথা জানান সেলিনা হোসেন।
তিনি বলেন, “শেষ হয়ে গেল জীবনের সত্তরটি বছর।লেখালেখির কাজটি ধরে রেখেছি মনেপ্রাণে। সব সময় বলি- আমার এক হাতে লেখালেখি, অন্য হাতে জীবনের বাকি সব কিছু।শারীরিক সামর্থ্যের শেষদিন পর্যন্ত সাহিত্য আমার বেঁচে থাকার প্রিয় ভুবন।
বাংলা একাডেমিতে বুধবার কথা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংষ্কৃতিক পরিবেশনা।
বাংলা একাডেমিতে বুধবার কথা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংষ্কৃতিক পরিবেশনা।
