পাহাড় ধস: আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক, সহায়তার প্রস্তাব
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে বহু মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের শোক বার্তায় প্রাকৃতিক এই বিপর্যয় কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহায়তারও প্রস্তাবও দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে মঙ্গলবার ভোর থেকে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় পাহাড় ও ভূমিধসে দেড়শ মানুষের মৃত্যু হয়েছে।
প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদী পাহাড় ধসে প্রচুর মানুষ হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এক টুইটে প্রয়োজন হলে অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার প্রস্তাব দিয়েছেন।
টুইটে তিনি লিখেছেন, “পাহাড় ধসের কারণে বাংলাদেশে প্রাণহানির ঘটনায় শোকহত। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি এবং আহতদের জন্য প্রার্থনা করছি।
“ভারত বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। প্রয়োজন হলে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তা করতে আমরা প্রস্তুত আছি।”
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান এক বিবৃতিতে বলেন, “আপনাদের দুর্ভোগ আমাদেরকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা উদ্ধারকারীদের বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকারও প্রসংশা করি।”
যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) আলাদা আলাদা বিবৃতি ও টুইট বার্তায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে।
ঢাকায় ইইউর মিশন প্রধান পিয়ের মায়াদন এক বিবৃতিতে পাহাড় ধসে সম্পদ ও জীবনহানির ঘটনায় ‘হৃদয়গ্রাহী শোক ও সংহতি’ প্রকাশ করেছেন।
“অনুরোধ এলে এই বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে সহায়তা দিতে প্রস্তুত আছে ইউরোপীয় ইউনিয়ন।”
ভূমিধসের ঘটনায় হতাহতের কথা জেনে দুঃখ পেয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন কানাডার হাইকমিশনার বেনোয়ে-পিয়ের লাহমি।
“এ ঘটনায় প্রিয়জন হারানো পরিবার ও তাদের স্বজনদের প্রতি শোক প্রকাশ করে আহতদের দ্রুত ও পুরোপুরি সুস্থতা কামনা করছি আমরা।”
ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক এক টুইটে পাহাড় ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
“চট্টগ্রাম জেলায় ভূমিধসে বহুমূল্যবান জীবন হারানো পরিবারগুলোর প্রতি শোক। সব ক্ষতিগ্রস্তের জন্য আমাদের ভাবনা ও প্রার্থনা।”
