২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারিভাবে ‘ইভটিজিং’ প্রতিরোধ দিবস পালনের দাবি

নারী নির্যাতন রোধে সরকারিভাবে ইভটিজিং প্রতিরোধ দিবস পালনের দাবি করেছেন একটি আলোচনা সভার বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:41 AM

Updated : 19 Aug 2022, 04:53 PM

দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘উত্ত্যক্তকরণের নানা রূপ: প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তারা।

উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক আয়োজিত সভায় স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার দিবসটি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের আহ্বান জানান।

তিনি বলেন, “এ দিবসটি যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়। কারণ এটি উত্ত্যক্তকরণ নয়, এটি যৌন হয়রানি।

“এটি সামাজিক, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজকে জাগ্রত হতে হবে এটি প্রতিরোধে।”

আলোচনায় সভায় অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন বলেন, “২০০৯-১০ সালের দিকে ইভটিজিং এতটা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল যে, সরকার তা দিবস হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু ইভটিজিং কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি, তার রূপের পরিবর্তন ঘটেছে।

“এখন আমরা ধর্ষণ নিয়ে আন্দোলন করছি। আমার কাছে মনে হয়, ইভটিজিংয়ের একটি ম্যাচিউরড রূপ হচ্ছে ধর্ষণ। যৌনক্ষুধা থেকেই আসে এ ধরনের বিকারগ্রস্ততা।”

তিনি বলেন, “ইভটিজিং প্রতিরোধ দিবস পালনে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেই। প্রতিদিন দেখা যাচ্ছে শিশু ধর্ষণের শিকার হচ্ছে, নারীর প্রতি সহিংসতা হচ্ছে। এ নিয়ে যদি সমাজের প্রতিটি স্তরে অন্যান্য দিবসের মতো পালন করা হত, শিক্ষা মন্ত্রণালয় থেকে দিবসটিকে বাধ্যতামূলক করা হত তাহলেই তা কার্যকরী ভূমিকা পালন করত।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক ও সংগঠনের সমন্বয়ক শাহনাজ মুন্নী, জেন্ডার বিশেষজ্ঞ ফৌজিয়া খন্দকার ইভা।