ঈদ যাত্রা: নৌ মন্ত্রণালয় এবার ‘খুবই সতর্ক’
ঈদে নৌপথের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাত্রা নিশ্চিত করতে এ বছর নৌ-পরিবহন মন্ত্রণালয় ‘খুবই সতর্ক’ বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
চলমান বৈরী আবহাওয়ার কারণে এই বাড়তি সতর্কতা বলে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি।
মন্ত্রী বলেন, “এবার ঈদের আগে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যাপারে আমরা অনেক সতর্ক। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণেই বেশি সতর্কতা।
“আমরা নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুবই সতর্ক। কোনো ধরনের সিগন্যাল (সতর্কতা সংকেত) থাকলে আমরা নৌ-যান চলাচল করতে দেই না। গতকালকেও (সোমবার) নৌ-যানগুলো বন্ধ ছিল।”
বিশ্ব ব্যাংক আয়োজিত ‘আনলকিং ট্রান্সফরমেটিভ পাওয়ার অব ওয়াটারওয়েস’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহান খান।
আসন্ন ঈদে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ করতে ইতোমধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নেওয়া কয়েকটি উদ্যোগের কথা জানান মন্ত্রী।
“আমি ইতোমধ্যে বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন করেছি, কোনো ঘাটের কোনো সমস্যা আছে কি না, তা দেখতে। থাকলে সেটা কীভাবে সমাধান করা যায় তার জন্য ইতোমধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি সভাও করা হয়েছে।
“নৌ-মন্ত্রণালয় ও নৌ-চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ওই সভায় বিভিন্ন জেলার ডিসি, এসপি এবং পরিবহন মালিক ও শ্রমিকরাও অংশ নিয়েছেন। সভায় আমরা কিছু সিদ্ধান্তও দিয়েছি। যেমন- ঘাটগুলোতে ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব, আনসার, নৌ-পুলিশ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও বিভিন্ন ঘাটের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে, যাতে কেউ কোনো ধরনের অনিয়ম করতে না পারে।”
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে তার মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলেও জানান নৌমন্ত্রী।
বিভিন্ন নৌ-পথে চলাচল করা ফিটনেসবিহীন লঞ্চের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “ফিটনেসবিহীন নৌ-যান যে নাই, তা না। কিন্তু ফিটনেসবিহীন কোনো নৌ-যান এই রুটে (সদরঘাট থেকে দেশের অন্য স্থানে) চলাচল করতে দেওয়া হয় না। এগুলো হয়ত দেশের বিভিন্ন স্থানীয় পর্যায়ে চলতে পারে। এগুলো চলাচলের কোনো নিয়ম নেই, অনুমতিও নেই।
“তারপরও এগুলো চলাচল করে প্রয়োজনের তাগিদে। তার কিছু দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের যেগুলো বিআইডব্লিউটিএ পরিচালনা করে থাকে তারা কিন্তু ফিটনেসবিহীন কখনোই চলাচল করতে দেয় না।”
