যমুনায় ইফতারে ‘গলা কাটা’ দাম
ঈদ কেনাকাটায় জমজমাট দেশের অন্যতম বড় বিপণি বিতান যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের ইফতার পণ্যে অতিরিক্ত দাম রাখার অভিযোগ করেছে ক্রেতারা।
রেস্তোরাঁগুলো দাম বেশি স্বীকার করে এর জন্য ফিউচার পার্ক কর্তৃপক্ষের অত্যাধিক সার্ভিস চার্জকে দায়ী করলেও পার্ক কর্তৃপক্ষ বলছে, অত্যাধিক মুনাফা লাভের আশায় রেস্তোরাঁগুলোই দাম বাড়িয়েছে।
রমজানে রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোয় ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের ইফতার পণ্যে ‘প্যাকেজের’ ফাঁদে ফেলে দোকানিরা। চাইলেও খুচরা ইফতার কেনার সুযোগ না রেখে বেশি দামে কম-বেশি একই ইফতার প্যাকেজ আকারে বিক্রি করে তারা।
যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে গিয়েও এর ব্যতিক্রম দেখা যায়নি।
‘লে কাবাব’ রেস্তোরাঁয় সাজানো এই ইফতার প্যাকেজের দাম ৪৫০ টাকা।
‘নিশি মেরু ফুড অ্যান্ড রেস্টুরেন্ট’ এ এক টুকরা তান্দুরি চিকেন, একটি নান, চিকেন চপ, ডিম চপ, দুইটি খেজুর, দুই খণ্ড আপেল, দুই খণ্ড মাল্টা, সালাদ, পানি ও শরবত মিলিয়ে দাম হাকাচ্ছে ৩৮০ টাকা। একই মেনুর নানের পরিবর্তে ফ্রায়েড রাইস দিয়ে দাম রাখছেন ৪৭০ টাকা।
আরেক রেস্তোরাঁ ‘লে কাবাব’ তান্দুরি চিকেন, ফ্রায়েড রাইস, দুই খণ্ড শশা, সবজি, পরোটা, জিলাপি, খেজুর ও ছোলার প্যাকেজ ইফতারে দাম রাখছে ৪৫০ টাকা।
এই ‘অস্বাভাবিক দাম’ দেখে অবাক হওয়ার কথা বলছেন কেনাকাটা শেষে মার্কেটটির ফুড কোর্টে ইফতার করতে আসা বাংলাদেশ মেডিকেলে কর্মরত চিকিৎসক নিগার সুলতানা।
মূল্যতালিকাসহ ফুড কোর্টের একটি রেস্তোরাঁর মেনু
শাখাওয়াত হোসেন নামে আরেক সরকারি চাকরিজীবী বলেন, “গলা কাটতেছে রে ভাই, গলা কাটতেছে।”
“পানি থেকে শুরু করে ফাস্টফুড সবকিছুই বেশি দামে কিনতে হয় এখানে। এত বড় শপিং মল, সবাই ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়, ফুড কোর্টে তো আসবেই খেতে, এই সুযোগটাই নেয় দোকান আর মার্কেট কর্তৃপক্ষ,” বলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমেল জাকারিয়া।
নাখালপাড়ার বাসিন্দা রোমেল বলছেন, “শুধু ইফতার প্যাকেজ না, সাধারণ খাবারও এখানে বাইরের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হয়। দিন দুপুরে ডাকাতি ছাড়া আর কিছুই নয় এটা।”
ফুডব্যাংক ফেইসবুক পাতায় মেহের মমর রিভিউয়ের স্ক্রিনশট
মেহের মম নামে একজন লিখেছেন, “২০০ টাকার খাবারও দেয় না, সেখানে দাম ৪৯০ টাকা। পুরা খাবার ঠাণ্ডা ছিল, বাসি লাগছিল। খাবার পর থেকে এখনও পেট ব্যথা।”
সুমাইয়া আক্তার স্বর্ণা ৪৫০ টাকার একটি প্যাকেজ খাবারের ছবি দিয়ে লিখেছেন, “খাবার কিনতে বাধ্য হয়েছি, আর একদম হতাশ। কোন যুক্তিতে ইহার মূল্য এত ছিল বুঝলাম না, খাবারটাও ভাল ছিল না।”
পারস্পরিক দোষারোপ
যমুনা ফিউচার পার্কের খাবারে অত্যাধিক দামের পেছনে মার্কেট কর্তৃপক্ষ ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা একে অন্যকে দোষারোপ করছে।
বেশি দামের বিষয়টি স্বীকার করে রেস্তোরাঁগুলো থেকে জানানো হয়, ফিউচার পার্ক কর্তৃপক্ষের অত্যাধিক সার্ভিস চার্জের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের বেশি বিল রাখার কারণেই খাবারের দাম বাড়িয়েছেন তারা।
ক্রেতা রিভিউয়ের আরেকটি স্ক্রিনশট
“আমরা তো আর লসে ব্যবসা করব না, বাধ্য হয়েই বাড়তি টাকা ক্রেতাদের কাছ থেকে আদায় করতে হয়।”
আরেক জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁ ‘ড্রামস্টিক’ ইফতার প্যাকেজ বিক্রি করছে ৩৫০ টাকায়।
দামের প্রসঙ্গে ড্রামস্টিকের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদ জানান, “আমাদের বেইলি রোডের শাখায় একই ইফতার প্ল্যাটার বিক্রি করি দেড়শ টাকায়, অথচ এখানে সাড়ে তিনশ রাখতে বাধ্য হচ্ছি।”
দোকান ভাড়া, সার্ভিস চার্জ, গ্যাস-বিদ্যুতের দামকে দায়ী করেন তিনিও।
তবে বেশি দাম রাখার পেছনে ফুড কোর্টের অন্য সব রেস্তোরাঁর সঙ্গে মিলিয়ে দাম রাখার কথা বলছেন তাজমহল রেস্তোরাঁর ব্যবস্থাপক ঐশী।
তিনি বলেন, “আমরা একা তো রাখছি না। এখানে সিস্টেমটাই এমন। সবাই রাখছে, তাই আমরাও রাখছি।”
এদিকে মার্কেটের সার্ভিস চার্জের কারণে রেস্তোরাঁগুলো বেশি দাম রাখছে- এমন অভিযোগ অস্বীকার করে এজন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফাবৃত্তিকেই দায়ী করেন যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের সার্বিক দায়িত্বে থাকা নাসির উদ্দিন।
খাবারের দাম বাড়ানোর পেছনে ফিউচার পার্ক কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই মন্তব্য করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সার্ভিস চার্জ সব শপিং মলে আছে, যা আমাদেরও একই। ওরা দাম বাড়িয়েছে বেশি লাভের জন্য। ওরা পানি ... এমনকি ঠাণ্ডা পানীয়তে বেশি দাম রাখে।”
নাসির উদ্দিন আরও বলেন, “আমরা খুব কড়া নজরদারিতে রাখি। মোড়কজাত পণ্যে অধিক দাম রাখায় ভোক্তা অধিকার ফোরামে নালিশ করা হয়েছে ওদের কয়েকটির নামে।”
বেশি দামে ইফতার বিক্রি বন্ধে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
