অপরাজেয় বাংলা: ‘ভাস্কর আব্দুল্লাহ খালিদের প্রাচ্যমুখী অনন্য সৃষ্টি’
পশ্চিমামুখী সমসাময়িক প্রবণতার প্রতিকূলে গিয়ে ভাস্কর আব্দুল্লাহ খালিদ বাঙালির দ্রোহের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ নির্মাণ করে প্রাচ্যমুখী বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সদ্যপ্রয়াত এই শিল্পীর স্মরণ সভায় এই মূল্যায়ন তুলে ধরেন তার সতীর্থরা।
আব্দুল্লাহ খালিদের ‘মিশুক’ শিল্পসত্তা তার সৃষ্টিশীলতাকে বিশেষ মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন স্থপতি রবিউল হুসাইন।
তিনি বলেন, “সমসাময়িক ভাস্কররা যখন পশ্চিমা ধাঁচে ঝুঁকছেন তখন প্রাচ্যের ধারাতেই চোখ রেখেছিলেন আব্দুল্লাহ খালিদ। তিনি উত্তর আধুনিক শিল্পের প্রতিনিধিত্ব করে গেছেন।
“তার অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে। এই ভাস্কর্যের তিন মডেল দৃঢ়চেতা বাঙালির মনোভাবেই ফুটিয়ে তুলে।”
গঠনশৈলীর দিক থেকে মুক্তিযুদ্ধের প্রতীক ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’ স্বাধীন বাংলাদেশে অনন্য বলে অভিহিত করে ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, “সে যে প্রসেসে কাজটা করেছে, এমন কাজ এ দেশে আর কেউ কখনও করেনি।”
বাংলাদেশ চারুশিল্পী সংসদের আয়োজনে ভাস্কর আব্দুল্লাহ খালিদ স্মরণে এই আলোচনা সভায় উঠে এসেছে ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের পেছনের অনেক অজানা কথা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ স্মরণ সভায় ‘অপরাজেয় বাংলা’ নির্মাণে পেছনের গল্প শোনান তৎকালীন ডাকসু ভিপি কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
“অপরাজেয় বাংলা তৈরি করার সময় মুক্তিযুদ্ধের সাফল্য ও ঐতিহ্যকে প্রতিধ্বনিত করবে, এমনটাই ভেবেছিলাম আমরা, হলোও তাই। জাদুঘরে নিভৃতে সযত্নে লালিত রাখা কোনো কস্তুরিভুত সামগ্রী নয় এই ভাস্কর্যটি।
“অপরাজেয় বাংলা সবসময়ই জীবন্ত, যা প্রতি মুহূর্তে গণসংগ্রামে ইতিহাস সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায় আমাদের।”
১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে কলাভবনের সামনে ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে গুরুদায়িত্ব পালন করেছিলেন ডাকসু সাধারণ সম্পাদক মাহবুব জামান ও সাংস্কৃতিক সম্পাদক ম. হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক ছাত্র সেলিম শোনালেন ভাস্কর্য নির্মাণের প্রেক্ষাপট।
“মুক্তিযুদ্ধের পর আমরা কলাভবনের সামনে ছোট একটি ভাস্কর্য নির্মাণ করেছিলাম। নির্মাণশৈলী তেমন ভালো না হলেও শিল্পকলার শিক্ষক, ছাত্রদের বেশ অবদান ছিল তাতে। পরে একদিন রাতের আঁধারে এক ছাত্রনেতার মদদে সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। আমরা তখন সিদ্ধান্ত নেই, কলাভবনের সামনে এমন একটি ভাস্কর্য নির্মাণ করা হবে, যা সব অত্যাচার, দুর্যোগ সয়ে দাঁড়িয়ে থাকবে।”
শিল্পী আব্দুল্লাহ খালিদকে ভাস্কর্য নির্মাণের দায়িত্ব দেওয়া হলেও পরে আর্থিক সঙ্কটের মুখে পড়েন সেলিম, হামিদরা। পরে চাঁদা তুলে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিঞ্চিৎ আর্থিক সহযোগিতায় নির্মাণকাজ গতি পায়।
“স্ল্যাবের উপর স্ল্যাব, তারপর ঢালাই, কোথায় রড দেওয়া হবে, বেইস কেমন হবে, মডেলটি কেমন হবে- এ নিয়ে রাতদিন ভাবতাম আমরা। ’৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকালেও এই ভাস্কর্য নির্মাণের কাজ দেখতেই আসতাম ক্যাম্পাসে। কত প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের, বিশেষ করে পঁচাত্তর পরবর্তী সময়ে….”
১৯৭৯ সালে ১৬ ডিসেম্বর ভাস্কর্যটি উদ্বোধনের সময় মুজাহিদুল ইসলাম সেলিম একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে কারাগারে আটক ছিলেন। সেদিনের অনুপস্থিতি খুব পোড়ায় তাকে।
ভাস্কর আব্দুল্লাহ খালিদ প্রসঙ্গে তিনি বলেন, “তার সঙ্গে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল, নানা বাস্তবতায় তা আর রক্ষা করা সম্ভবপর হয়ে উঠেনি। এ বড় দুঃখ আমার।”
আলোচনা সভায় যোগ দেন চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভাস্কর মজিবুর রহমান, সাংবাদিক সালেহ চৌধুরী। প্রয়াত ভাস্করের পরিবারের পক্ষ থেকে ছিলেন স্ত্রী কুলসুম খালেদ ও ভাই সৈয়দ আহমেদ মর্তুজা।
মর্তুজা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পের ফটিকের মতোই ছিল তার (খালিদের) ছেলেবেলা, ভীষণ দুরন্ত ছিল সে; খেলাধুলা, সাঁতার সবকিছুতে ছিল তার দুরন্ত বিচরণ। তার চেয়ে বয়সে ছোট বা বড় ,কিংবা লম্বায় বড় কেউ তার সাথে প্রতিযোগিতায় পারত না।
“কিন্তু সে লেখাপড়ায় ছিল অন্যরকম। অঙ্কে পাস করতে পারত না, কিন্তু শিল্পকলা সে সবার আগে থাকত। স্কুল-কলেজের দেয়ালে ছবি এঁকে বেড়াত সে।”
স্মরণসভার সভাপতি চারুশিল্পী সংসদের সহসভাপতি আব্দুল মান্নান বলেন, “প্রচণ্ড জেদি আর একরোখা ছিল খালিদ। যেটা মাথায় ঢুকত সেটা সে করেই ছাড়ত। আমরা তাকে ‘পাগলা খালিদ’ বলেও ডাকতাম।”
শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক ও চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান জানান, শিল্পকলা একাডেমি খুব শীঘ্র আব্দুল্লাহ খালিদকে নিয়ে একটি স্মরণসংখ্যা বের করবে।
