২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুলে নির্মাণে হাই কোর্টের স্থিতাবস্থা

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের উন্মুক্ত স্থান, খেলার মাঠের বৈশিষ্ট্য পরিবর্তন করে সুইমিং পুল নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 04:31 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

একইসঙ্গে আউটার স্টেডিয়াম সংরক্ষণে কেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল জারি করে এ আদেশ দেয়।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, ক্রীড়া সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম ডিসি, এসপি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের খোলা স্থান ও খেলার মাঠের বৈশিষ্ট্য পরিবর্তন করে সুইমিংপুল নির্মাণকে চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেছিলেন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। 

পরে সাংবাদিকদের তিনি বলেন, “চট্টগ্রামের আউটার স্টেডিয়াম পিএস জরিপে ৩৫১৯ দাগে মাঠ হিসেবে রেকর্ডভুক্ত। আইনের বিধান স্বত্ত্বেও মাঠের শ্রেণি পরিবর্তন করে এবং তা খনন করে সুইমিংপুল নির্মাণ করা হচ্ছে, যা সম্পুর্ণ বেআইনি।

“চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে সুইমিংপুল নির্মাণে যে প্রজেক্ট কার্যকর করা হচ্ছে, তা সম্পূর্ণ আইন বহির্ভূত।”

মাঠ, উদ্যান, জলাধার সংরক্ষণে ২০০০ সালে আইন প্রণয়ন করে এ ধরনের বিষয় পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান মনজিল।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম সংলগ্ন মাঠে ওই সুইমিংপুল নির্মাণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ একটি অংশের বিরোধিতা রয়েছে।

প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ৭০ হাজার ৩৮০ বর্গফুটের এ সুইমিং পুল নির্মাণে রয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএস, যার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সুইমিং পুল নির্মাণের ওই মাঠটিতে বিজয় মেলাসহ নানা অনুষ্ঠান হয়ে আসছিল। ওই স্থানে সুইমিং পুল নির্মাণের বিরোধিতা করে তা থেকে সরে আসতে সিজেকেএসের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন বিজয় মেলার সঙ্গে জড়িত মহিউদ্দিন।

সুইমিংপুল নির্মাণের পক্ষে-বিপক্ষে এই দুই আওয়ামী লীগ নেতা বাদানুবাদের মধ্যে গত ১৮ এপ্রিল নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে মহিউদ্দিন চৌধুরী অনুসারীর একদল ছাত্রলীগ নেতাকর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।