বিদ্যালয়ভিত্তিক ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ শুরু
দেশজ সংস্কৃতি, কৃষ্টি, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ শুরু করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এ বছর দেশের ১৮টি জেলাবেছে নিয়েছে সংস্কৃতি মন্ত্রাণালয়। এসব জেলার ১০টি করে ১৮০টি বিদ্যালয় নিয়ে এ সাংস্কৃতিক চর্চা কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হবে।
জেলাগুলো হল- গোপালগঞ্জ, যশোর, খুলনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, টাংগাইল, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, বগুড়া, কক্সবাজার, বরিশাল, ভোলা, সুনামগঞ্জ, চট্রগ্রাম এবং কুমিল্লা।
এ কার্যক্রম পরিচালনার জন্য জেলাসমূহের অনুকূলে ৬ লাখ ৫৫ হাজার টাকা করে মোট এক কোটি ১৭ লাখ ৯০ হাজার মঞ্জুরি দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ১৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে একটি হারমোনিয়াম ও এক সেট তবলা সরবরাহ করা হবে।
এ কার্যক্রম ফলপ্রসূ করতে বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও এ নির্দিষ্ট জেলাগুলোর ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’-এর দায়িত্বপ্রাপ্ত সচিব, উপসচিব ও জেলার প্রশাসনিক ও শিক্ষা কর্মকতা এবং জেলার সংস্কৃতি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ এর বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিপত্র জারি করবে। পর্যায়ক্রমে আরও জেলা ও বিদ্যালয়েএ কার্যক্রমে যুক্ত হবে।
আসাদুজ্জামান নূর বলেন, “সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সাংস্কৃতিক চর্চা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে খুব ছোট পরিসরে এ কার্যক্রম শুরু হচ্ছে। ধীরে ধীরে কার্যক্রমটি বৃহৎপরিসরে যাবে।
“এ সাংস্কৃতিক চর্চা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছেসংস্কৃতিমনা তরুণপ্রজন্ম গড়ে তোলা। এর মধ্যে দিয়ে সকলেই যে শিল্পী হয়ে উঠবে তা নয়। আমরা চাচ্ছি এর মধ্যে দিয়ে কেউ সংগীতের ভালো শ্রোতা, কেউ সাহিত্যপ্রেমী, কেউ শিল্পপ্রেমী হয়ে গড়ে উঠুক।”
দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমে প্রণোদনা প্রদানের পাশাপাশি বছরে কমপক্ষে একবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, কৃতি শিক্ষার্থীদের জেলা শিল্পকলা একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণ প্রদানও এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
