২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল বাজেটে শ্রমিকের জন্য কিছু নেই: টিইউসি

প্রস্তাবিত বাজেটে শ্রমিক স্বার্থের কোনো কথা নেই দাবি করে এতে বড় পরিবর্তন চেয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 09:37 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে ২০১৭-১৮ বছরের বাজেট শ্রমিকদের সমস্যার সমাধানে দিক-নির্দেশনা চায় শ্রমিক সংগঠনগুলোর এ্ই জোট।

ওয়াজেদুল ইসলাম বলেন, “সরকার বিশাল বাজেট পেশ করেছে। এই বাজেটে শ্রমিক-মেহনতি মানুষের কোনো কথা নেই। বাজেটে শ্রমিকদের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি।

“এখনও সময় আছে, সংসদে আলোচনার মাধ্যমে বাজেটকে শ্রমিক বান্ধব করা হোক।”

শ্রমিকদের রেশন ব্যবস্থা চালু, আবাসন, সুচিকিৎসার ব্যবস্থা ও শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিতের দাবি জানান তিনি।

বাম দল কমিউনিস্ট কেন্দ্রের এই নেতা বলেন, “প্রতি রোজার ঈদে শ্রমিকদের ঈদ বোনাস নিয়ে মালিকগোষ্ঠী থেকে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়। আমরা দাবি করছি, ২০ রোজার মধ্যে শ্রমিকদের সকল পাওনা ও বোনাস প্রদান করতে হবে।”

ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা কমিটির ডাকে এই সমাবেশে সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম, প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।