নোবিপ্রবির উপাচার্যের নিয়োগ কেন অবৈধ নয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওয়াহিদুজ্জামানের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
একইসঙ্গে তিনি কোন কর্তৃত্ববলে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বহাল রয়েছেন তাও জানত চাওয়া হয়েছে রুলে।
ড. এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার হাই কোর্টের মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম।
পরে মনজুর আলম সাংবাদিকদের বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞদের ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার বিধান রয়েছে।
কিন্তু বর্তমান উপাচার্যের এ যোগ্যতার কোনো সনদ নেই। ফলে উপাচার্যের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার সোমবার একটি রিট আবেদন করেন।
এই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে।
