২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর

প্রতি বছরের ২২ অক্টোবর সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 03:16 PM

Updated : 19 Aug 2022, 04:48 PM

জাতীয় সংসদে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস ছিল না। এই দিবস ঘোষণার পেছনে ইলিয়াস কাঞ্চনের কৃতিত্ব আছে বলা যায়।

“উনার সংগঠন নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে নিরাপদ সড়ক দিবস থাকা উচিত। ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান, সেজন্য তিনি ২২ অক্টোবরকে এই দিবস হিসেবে ঘোষণার দাবি করে আসছিলেন।”

তাছাড়া চট্টগ্রামের মিরসাইয়ে ২০১১ সালের ১১ জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনায় ৪৩ জন স্কুলছাত্রের মৃত্যুর দিনটিও নিরাপদ সড়ক দিবসের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছিল বলে শফিউল আলম জানান।

“কিন্তু সার্বিক বিবেচেনায় সাব্যস্ত হয়েছে ২২ অক্টোবর। এতদিন ২২ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হচ্ছিল।”