প্রধানমন্ত্রীকে কটূক্তি: খুশী কবিরের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
গণজাগরণ মঞ্চের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে মানবাধিকারকর্মী খুশী কবিরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আবেদনটি করেন চকবাজার থানার পূর্ব ইসলামবাগের হাজি মোহাম্মদ বাদল।
বাদীর আইনজীবী আবদুল্লাহ মনসুর রিপন জানান, বিচারক বাদীর জবানবন্দী গ্রহণ করে আবেদনটি খারিজের আদেশ দেন।
সমাজসেবক পরিচয় দেওয়া বাদল এর আগে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছিলেন।
খুশী কবিরেরর সঙ্গে আবেদনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধেও আর্জিতে অভিযোগ আনা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, গত ২৬ মে রাত ৮টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরানের নেতৃত্বে ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে আসামিরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন।
একই অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানকে এর মধ্যে তলবও করেছে একই আদালত। তার আগে গাজীপুরেও ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রতিক্রিয়া জানতে চাইলে খুশী কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দেশ স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। মতপ্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে।
“দেখা যাক আদালত কি আদেশ দেন। সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব।”
গণজাগরণ মঞ্চের ওই মিছিল থেকে শেখ হাসিনাকে কটূক্তি করা হয়েছে অভিযোগ তুলে এর আগে ইমরানকে পেটানোর হুমকি দিয়েছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।
প্রধানমন্ত্রীকে নিয়ে মিছিলে কোনো কটূক্তি করার কথা বরাবরই অস্বীকার করে আসছেন ইমরান।
ফেইসবুকে এক পোস্টে তিনি বলেন, “সমালোচনার সাথে কটূক্তিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টা মানসিক দৈন্যতারই প্রকাশ।”
