হাসিনাকে কাতারের প্রধানমন্ত্রীর চিঠি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে সহযোগিতার আগ্রহের কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খলীফা আল থানি।
ঢাকা সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল কাহতানি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার দেশের প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, চিঠিতে আব্দুল্লাহ বিন নাসের বিন খলীফা আল থানি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ছবি-পিআইডি
মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার সরকারকে তার দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে বলে আল কাহতানিকে জানান শেখ হাসিনা।
রোহিঙ্গা সমস্যা ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলেও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
