২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরের শিক্ষার্থীদের বিনা খরচে উচ্চ মাধ্যমিকে ভর্তির দাবি

বন্যাকবলিত হাওর অঞ্চলের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনা খরচে ভর্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 10:07 PM

Updated : 25 Jul 2022, 08:58 PM

বর্তমান পরিস্থিতিতে পাশে না দাঁড়ালে ওই অঞ্চলটির হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে ‘ঝরে পড়ার’ আশঙ্কা করছে সংগঠনটি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী এ দাবি জানান।

গত মাসের শুরুতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যায়। দুর্বল ও অসমাপ্ত বাঁধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতি দায়ী বলে অভিযোগ উঠেছে।

লিটন নন্দী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং এইচএসসিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

“হাওর অঞ্চলের শিক্ষার্থীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে ঢাকায় ও বিভিন্ন বিভাগীয় শহরে চলে আসছে।এমনটি সকলের দৃষ্টিগোচরে আছে।

“এই বাস্তবতায় আমরা হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার আশঙ্কা করছি।”

হাওর অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতে তাদের বিনা খরচে ভর্তি এবং আগামী বোরো মৌসুম পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ওই অঞ্চলের উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত নির্দেশনা পাঠানোর দাবি জানান লিটন নন্দী।

দুর্গত এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেশের সব স্বচ্ছল মানুষের প্রতিও আহ্বান জানান তিনি।

আগামী ১৯ মে সংগঠনের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের শনির হাওর এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে দুই লাখ টাকার ত্রাণ বিতরণ করবে বলে জানান ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক।

হাওর অঞ্চলের ৭টি জেলাকে দ্রুত ‘দুর্গত এলাকা ঘোষণা’ ছাড়াও আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।  

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিএম জিলানী শুভ, সহ-সভাপতি সুমন সেন গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তুহিন কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ এবং দপ্তর সম্পাদক দীপক শীল উপস্থিত ছিলেন।