ঢাকায় শুরু হয়েছে ডি-৮ প্রযুক্তি বিনিময় বিষয়ক সম্মেলন
প্রযুক্তি বিনিময়ে আন্তঃদেশীয় নেটওয়ার্ক আরও বিস্তৃত করার আহ্বানের মধ্যে দিয়ে ঢাকায় শুরু হয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট ‘ডি-৮ টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ নেটওয়ার্কের’ উচ্চ পর্যায়ের সম্মেলন।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত দুইদিনের এ আয়োজনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
চতুর্থবারের মতো আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ, মিশর, ইরান, তুরস্ক, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে ইয়াফেস ওসমান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রযুক্তি খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে একটি শক্তিশালী উন্নত নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “একটি শক্তিশালী উন্নত নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে ডি-৮ অধীন দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। বাড়বে প্রযুক্তির বিনিময়ও।
“এক্ষেত্রে আমাদের হাইটেক প্রযুক্তির বাজার বিস্তৃতির জন্য একটি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।”
কৃষিখাতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন, কমিউনিকেশন টেকনোলজি এবং ফরেনসিকসহ বিভিন্ন খাতের প্রকল্পের কথা উল্লেখ করেন মন্ত্রী।
এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পেটেন্টের বিষয়ে ডি-৮ দেশগুলোকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
“আমাদের সীমিত সম্পদ নিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।একুশ শতকের প্রেক্ষাপটে বাণিজ্যিক ও সামাজিক খাতের কথা বিবেচনায় করতে আমাদের সেই সম্পদ উন্নয়নের দিকেও নজর রাখতে হবে।
“সরকারি-বেসরকারি খাত থেকে আসা ইনোভেটিভ প্রজেক্টগুলো রিনিউ করে তাতে কিভাবে ভ্যালু অ্যাড করা যায় সে কথাও বিবেচনা করতে হবে।”
প্রযুক্তিখাতে আসা বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী তাদের সবার জন্য ‘সমান সুযোগ’ করে দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদ।
অন্যদের মধ্যে ডি-৮ টিটিইএনের পরিচালক নাসির আমিন, সাধারণ সম্পাদক আকবর গানবাওপর, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শাখার মহাপরিচালক গাওসাল আজম সরকার অনুষ্ঠানে বক্তব্য দেন।
তারা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রযুক্তি বিনিময়ের ‘কমন প্ল্যাটফর্ম’ হিসেবে ডি-৮ কে আরও শক্তিশালী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন নীতিমালা তৈরির মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে একমত হন আলোচকরা।
পারস্পারিক যোগাযোগ বাড়াতে ডি-৮ এবার সদস্য দেশগুলোতে একটি করে প্রতিষ্ঠানকে ‘কানেক্টর’ হিসেবে ঘোষণা করেছে।বাংলাদেশে ‘কানেক্টর’ হিসেবে কাজ করবে বিসিএসআইআর।
প্রযুক্তি খাতের বিস্তৃতিতে সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি পণ্যের প্রদর্শনী আয়োজনের পাশাপাশি যৌথ খরচে একটি আন্তর্জাতিক সভা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে সম্মেলনে।
সম্মেলনের প্রথম দিনে ফার্মাসিটিউক্যাল খাতে ‘টেকনোলজি বিজনেস মিটিং অন বায়োসিমিলার প্রডাক্টস’ শিরোনামে একটি সহায়তা চুক্তি স্বাক্ষর করে সদস্য দেশগুলো। এতে বাংলাদেশের ১৩টি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
দ্বিতীয় দিনে ‘টেকনোলজি ট্যুর প্রোগ্রামের’ অংশ হিসেবে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল ও ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিটিউক্যালের কারখানা পরিদর্শনে যাবেন প্রতিনিধিরা।
পরে তারা বিসিএসআইআরের গবেষণাগারগুলো পরিদর্শন করবেন। এছাড়া তারা গবেষণা কর্মকাণ্ড বিষয়ে একটি মতবিনিময় সভায়ও অংশ নেবেন।
