২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকায় ‘রবীন্দ্র সমগ্র’ কেনা নিয়ে ধোঁয়াশা

একক উৎস হিসেবে ‘পাঠক সমাবেশ’ থেকে কোটি টাকায় ‘রবীন্দ্র সমগ্র’ কেনার উদ্যোগ থেকে জাতীয় গ্রন্থকেন্দ্র সরে এলেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 08:04 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

সরকারের বিশেষ অনুদানের এক কোটি টাকায় দরপত্র ছাড়াই ২৫ খণ্ডের ‘রবীন্দ্র সমগ্র’ কেনার উদ্যোগ নেওয়া হলে সমালোচনার মুখে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় গ্রন্থকেন্দ্র।

যেখানে একক উৎস হিসেবে পাঠক সমাবেশের নাম না থকলেও দরপত্রে ২৫ খণ্ডের রবীন্দ্র সমগ্রের কথা ঠিকই আছে। প্রকাশকরা বলছেন, বাংলাদেশে পাঠক সমাবেশই ২৫ খণ্ডের রবীন্দ্র সমগ্র প্রকাশ করে।

এ প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, “জাতীয় গ্রন্থকেন্দ্র নীতিমালা অনুসরণ করে বই ক্রয় করবে, এই আশা করছি। নীতিমালা ব্যত্যয়ের কোনো সুযোগ নেই।”

গত ২৬ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (বিধি ও প্রশিক্ষণ) ওয়াহেদুন্নবী সরকার স্বাক্ষরিত এক চিঠিতে পাঠক সমাবেশকে রবীন্দ্র সমগ্রের একক উৎস হিসেবে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা -২০০৮ অনুযায়ী কোনো একক ডিলার বা উৎপাদনকারী কর্তৃক বিক্রয় করা হলে, কোনো সাবডিলার না থাকলে , নিম্নতর মূল্যে পণ্য বিক্রয় করলে বা অধিকতর সুবিধাজনক শর্তে এর উপযুক্ত কোনো বিকল্প পণ্যপ্রাপ্তির সুযোগ না থাকলে এই পণ্যটি ক্রয় করা যাবে।’

“এক্ষত্রে ‘উক্ত পণ্য’ অর্থ হচ্ছে যে পণ্যটি ক্রয়কারী ক্রয় করবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে। পত্রে প্রতীয়মান হচ্ছে যে, বিবেচ্যক্ষেত্রে নির্ধারিত পণ্য হচ্ছে পাঠক সমাবেশ কর্তৃক প্রকাশিত রবীন্দ্র সমগ্র।”

এরপর গত ২৮ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহকারী সচিব টি এম মুছা তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে ‘পাঠক সমাবেশকে’ একক উৎস হিসেবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মতামত ও নির্দেশনা অনুযায়ী ২৫ খণ্ডের রবীন্দ্র সমগ্র ক্রয়ের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে ৮ মে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে আর পাঠক সমাবেশের নাম উল্লেখ করা হয়নি।

এরপর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রকে চিঠি দিয়ে বলা হয়, এক কোটি টাকা ব্যয়ে শুধু পাঠক সমাবেশ থেকে জাতীয় গ্রন্থকেন্দ্রের জন্য বই কেনার সিদ্ধান্ত ‘পক্ষপাতমূলক’।

সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “দরপত্রে পাঠক সমাবেশের নাম নেই। কিন্তু ২৫ খণ্ডের এই রবীন্দ্র সমগ্র কেনার নির্দেশনা আছে। একমাত্র পাঠক সমাবেশই ২৫ খণ্ডে রবীন্দ্র সমগ্র প্রকাশ করে।”

তিনি বলেন, “বাজারে রবীন্দ্র রচনাবলী শুধু পাঠক সমাবেশ করছে না। ঐতিহ্য ও সালমা বুক ডিপোতেও পাঠক সমাবেশের চেয়ে কম দামে রবীন্দ্র সমগ্র পাওয়া যাচ্ছে।  সংস্কৃতি মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নেয় কী করে? এটা অবিবেচক, অগণতান্ত্রিক সিদ্ধান্ত।”

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ২৫ খণ্ডের রবীন্দ্র সমগ্রের দাম রাখা হচ্ছে ৪৫ হাজার টাকা। অন্যদিকে ঐতিহ্য থেকে প্রকাশিত ৩০ খণ্ডের রবীন্দ্র রচনাবলীর দাম ২৪ হাজার টাকা। আর সালমা বুক ডিপোর ১৮ খণ্ডের রবীন্দ্র রচনাবলীর দাম নয় হাজার টাকা।

এ প্রসঙ্গে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞপ্তিতে আমরা কোথাও বলিনি যে, আমরা পাঠক সমাবেশ থেকে বই কিনব। এখন আমরা পর্যবেক্ষণ করব। পাঠক সমাবেশই একক উৎস নয়। বাজারে এর চেয়ে কম দামে ভালোমানের সমগ্র পাওয়া গেলে তাও আমরা বিবেচনা করব। প্রকাশকদের অভিযোগ সত্যি না।”

এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের সব সরকারি জেলা গ্রন্থাগার, সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রাতিষ্ঠানিক বিভিন্ন গ্রন্থাগারগুলোতে বিতরণের জন্য পাঠক সমাবেশের ‘রবীন্দ্র সমগ্র’ কেনার জন্য বিশেষ অনুদান খাতে এক কোটি টাকার বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় কেবল পাঠক সমাবেশ থেকে এই বই কেনার প্রকল্প বাদ হয়ে যায় বলে জানান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আরেক নেতা ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি।

তিনি বলেন, “চলতি অর্থবছরেই একবার যখন এই প্রকল্প বাতিল হয়ে গেছে, তখন আবার এই প্রকল্প চালু করতে চাইলেই তা জাতীয় গ্রন্থকেন্দ্র করতে পারবে না। পরিচালনা বোর্ডের সভা করে এই সিদ্ধান্ত নিতে হবে।”

জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘রবীন্দ্র সমগ্র’ ক্রয় প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঠক সমাবেশের উদ্যোক্তা শহিদুল ইসলাম বিজু।