ঢাবি ইংরেজি বিভাগের তিন বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রকাশ করা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
এর মধ্যে ‘এক্সপ্লোরিং একাডেমিক রাইটিং’ ও ‘রাইটিং এসেজ উইথ ইজ’ নামের দুটি পাঠ্যবই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর।
ব্রিটিশ কাউন্সিলের একটি প্রকল্পের আওতায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ এডুকেশনের সহযোগিতায় বইগুলো লিখেছেন ইংরেজি বিভাগের শিক্ষকরা।
এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ওপর ২০১৪ সালে অনুষ্ঠিত একটি সম্মেলনে তুলে ধরা বিভিন্ন লেখার সংকলন নিয়ে ‘দ্য গ্রেট ওয়ার অ্যান্ড আওয়ার মাইন্ডস্কেপস’ নামে অপর বইটি প্রকাশ করেছে ইংরেজি বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোববার এক অনুষ্ঠানে বই তিনটির মোড়ক উন্মোচন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরীন আহমাদ, ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক ডেভিড মেনার্ড, ইংরেজি বিভাগের চেয়ারপারসন ড. রুবিনা খান, অধ্যাপক তাহমিনা আহমেদ উপস্থিত ছিলেন।
অধ্যাপক তাহমিনা ছিলেন তিন বছরের এই প্রকল্পের টিম লিডার। বইগুলো প্রণয়নে সম্পাদিত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।
