২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ রঙ-তুলিতে

ক্যানভাসে রঙ-তুলির আঁচড়ে মায়ের প্রতি ভালোবাসার রূপ ফুটিয়ে তুললেন দেশবরেণ্য চিত্রশিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 05:13 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

আন্তর্জাতিক মা দিবসে রোববার ধানমণ্ডিতে গ্যালারি টোয়েন্টিওয়ানের আয়োজেন দিনব্যাপী ছবি আকাঁয় অংশ নেন তারা।

সকাল ১০টায় শুরু হওয়া ‘মায়ের জন্য ভালবাসা’ শীর্ষক এই আয়োজনে ছবি আাঁকেন ১০ জন চিত্রশিল্পী।

গ্যালারি টোয়েন্টিওয়ানের নির্বাহী পরিচালক শিল্পী শামীম সুব্রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রথম আমরা ভিন্ন ধরনের আয়োজন করেছি। আজ সারাদিন শিল্পীরা তাদের মায়ের জন্য ছবি আঁকবেন। রংতুলিতে তারা স্মরণ করবেন মায়েদের।”

চিত্র কর্মশালায় অংশ নেওয়া চিত্রশিল্পী সামিনা নাফিজ বলেন, “মা তো মারা গেছে, কিন্তু সবসময় মায়ের কথা মনে হয়। মাকে স্মরণ করে আজ পাখার মধ্যে মায়ের মুখ এঁকেছি।

“এখন আমরা যখন মা হয়েছি তখন আসলে বুঝি মা কি, মা কেমন ছিল। এখন সন্তানদের প্রতি আমাদের প্রত্যাশা বেশি থাকে। কিন্তু সবসময় সব সন্তানদের মনে রাখা উচিত, যার যার জায়গা তার তার জন্য। ওই জায়গার সম্মান রক্ষা করাটাই সবচেয়ে বেশি জরুরি।”

চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত বলেন, “আসলে আমার জীবনের প্রতিটি দাগইতো মায়ের জন্য। শিল্পচর্চার সাথে আমার যে সম্পর্ক তাও মায়ের জন্য। আমার নিজের অস্তিত্বই আমার মায়ের কারণে। তবে মা দিবসের মত একটি দিনের মাঝেই মাকে আবদ্ধ করে রাখা যেন না হয়।

“এখন আসলে মা দিবস পুঁজিবাদের দিকে চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের গিফট বিক্রি হচ্ছে, কার্ড বিক্রি করছে, মোবাইল ফোনগুলো নানা প্রচারণা চালাচ্ছে; দিবসটিকে কেন্দ্র করে এখন এক ধরনের ব্যবসা চলছে। আমি এর বিরোধী। আমার মাকে আমি ব্যবসার জায়গায় দেখতে চাই না।”

কর্মশালায় অংশ নেওয়া আরেক চিত্রশিল্পী মিনি করিম বলেন, “মায়ের জন্য কিছু আঁকতে এসেছি। আমার মা অসুস্থ। তাই এখন তাকে খুব বেশি অনুভব করি, ঘুম ছাড়া সারাক্ষণই মায়ের কাছে থাকি। মায়ের প্রতি অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না।”