২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের খসড়া পরীক্ষায় কমিটি

বিভিন্ন আইনের খসড়ায় ভাষাগত উৎকর্ষ সাধন, বিষয়গত যথার্থতা পরীক্ষা এবং সংশ্লিষ্ট অন্য আইনের সঙ্গে সামঞ্জস্য ও সঙ্গতি আনতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 03:39 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

কোনো আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের আগে এই কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে (আইন) আহ্বায়ক করে গত বৃহস্পতিবার আট সদস্যের কমিটি গঠনের আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইনের খসড়া প্রণয়নে উদ্যোগী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সিআর), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব (ড্রায়টিং), জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব (আইন প্রণয়ন), অর্থ বিভাগের (আর্থিক সংশ্লেষ থাকলে) উপ-সচিব (বাজেট-২৩) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের অ্যাসাইনমেন্ট কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব অথবা জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন) এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে জানিয়ে আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের বিভাগের অধিশাখা এই কমিটিকে সাচিবিক সহায়ত দেবে।

খসড়া পর্যালোচনায় যা বিবেচিত হবে

# প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন আইন, বিধি, প্রবিধান, রীতি।

# প্রস্তাবিত আইন বা সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ (যদি থাকে)।

# আইন প্রণয়ন বা সংশোধনের উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব।

# সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন, চুক্তি, কনভেশন, সমঝোতা স্মারক, সিদ্ধান্ত, প্রটোকল।

ঠিকমত প্রণয়ন না হওয়ায় অনেক আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন না দিয়ে তা আরও যাচাই-বাছাই এবং অসামঞ্জস্যতা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে ফেরত পাঠায়।

মন্ত্রিসভা থেকে খসড়া ফেরত এলে কোনো মন্ত্রণালয়ের অধীন বিভাগ বা অন্য দপ্তর এর সঙ্গে জড়িত থাকলে কর্মকর্তারা একে-অন্যের ওপর দায় চাপান। ফলে ওই আইন প্রণয়নে বিলম্ব হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “কোনো আইনের খসড়াই মন্ত্রিসভা থেকে যেন ফেরত না আসে সেজন্য তা পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কমিটি করা হয়েছে। কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হবে।”