২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে

ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চিত্রশিল্পী মুর্তজা বশীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 12:01 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

এই শিল্পীর মেয়ে মুনীরা বশীর শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “(অবস্থা) ও রকমই আছে, বাবা আইসিইউতে আছে। যতটুকু জানলাম স্টেবল আছে, চিকিৎসকরা এটাই বলেছেন।”

মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে বলেও চিকিৎসকরা মুনীরাকে জানিয়েছেন।

“উনারা এটা (ফুসফুসের পানি) রিমুভ করার ট্রাই করবেন, চিন্তা না করতে বলেছেন।”

শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্তজা বশীরকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

গত ৭ মে এই হাসপাতালের লিফটে দেড় ঘণ্টা আটকা পড়ে মুর্তজা বশীরের শ্বাসকষ্ট বেড়ে যায় বলে মুনীরা জানান।

“যান্ত্রিক গোলযোগের কারণে হাসপাতালের লিফটে গত রোববার রাত সোয়া ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত আটকে ছিলেন বাবা৷”

মনীরা জানান, লিফটে আটকা পড়ে অতিরিক্ত গরমে তার বাবার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে মুর্তজা বশীরের স্ত্রীও আছেন।

ভাষাবিজ্ঞানী পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ অগাস্ট, ঢাকায়।

মুর্তজা বশীর একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ। বায়ান্নোর ভাষা আন্দোলনে ছিলেন তিনি, রক্তাক্ত আবুল বরকতকে যারা হাসপাতালে নিয়েছিলেন তাদের মধ্যে এই শিল্পীও ছিলেন।

পুরনো খবর:

শিল্পী মুর্তজা বশীর আইসিইউতে