‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট’ পুরস্কার পেল আইসিটি বিভাগ
মোবাইল ফোনভিত্তিক অ্যাপ্লিকেশনের উন্নয়ন ও গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় এমগভ ইউকের ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট-(এমগভ)’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
আইসিটি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ কর্মসূচির জন্য এমগভ অ্যাওয়ার্ড কমিটি আইসিটি বিভাগকে প্রথম পুরস্কারের জন্য নির্বাচন করে।
যুক্তরাজ্যের ব্রাইটনে গত ৭ মে শুরু হওয়া ‘মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭’ এর শেষ দিন (৯ মে) বাংলাদেশ সময় রাত ৮ টায় এই পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সরকার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বিশ্বের একশরও বেশি মোবাইলভিত্তিক উদ্যোগ মনোনয়নের জন্য জমা পড়ে। চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা ইন্ডিভিজ্যুয়ালিজমকে প্রাধান্য দিয়ে দেশকে ই-গভার্নেন্স থেকে এম-গভার্নেন্সের দিকে এগিয়ে নিচ্ছি বলেই আইসিটি ডিভিশন এ বছর এ পুরস্কার পেল।আমার বিশ্বাস বাংলাদেশের এম-গভার্নেন্স একদিন বিশ্বে অনন্য নজির স্থাপন করবে।”
২০২১ সালের মধ্যে সরকারের ৯০ শতাংশ সেবা ‘ডিজিটাইজ’ করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী অধিকাংশ সরকারি সেবা মোবাইলভিত্তিক করতে ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।
বাংলাদেশের এ পুরস্কারপ্রাপ্তিতে এমগভ ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম কুশচু বলেন, “সরকারি সেবাগুলোকে ডিজিটাইজেশনের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় মোবাইলভিত্তিক প্রযুক্তির নানা সুবিধা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং এসব প্রকল্প বাস্তবায়নের অভিনবত্ব এবং সফলতা এই অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে জুরি বোর্ড বিবেচনা করেছে।”
‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ কর্মসূচি বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে দেশের অন্যতম মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।
২০১৩-১৫ সালে পরিচালিত এই কর্মসূচিতে সরকারের কর্মকর্তাদের নানা ধারনা থেকে ১০০টি মোবাইল অ্যাপ তৈরি করা হয়। এই কর্মসূচির আওতায় ২৪৪০ জন শিক্ষার্থীকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক বুটক্যাম্প ও হ্যাকাথনের মাধ্যমে তরুণদের মোবাইলভিত্তিক উদ্ভাবনে যুক্ত করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়।
