‘মালিকের কথায় না লিখলে চাকরি হারাচ্ছে সাংবাদিকরা’
আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের নানা সমস্যা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কাগজ কলম’ ও ‘দ্য হরাইজন’ আয়োজিত ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম ও হুমকির মুখে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “আমাদের গণমাধ্যমের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে, আমাদের নিজেদের ভেতরের সঙ্কট; সেটি হলো কলমের স্বল্পতার সঙ্কট, আমাদের চাকরির সঙ্কট, নিয়মিত বেতন না পাওয়ার সঙ্কট।”
সম্প্রতি দৈনিক ইনকিলাবে চাকরিচ্যুতির ঘটনা টেনে ইকবাল সোবহান বলেন, “আমরা যখন এখানে দাঁড়িয়ে মুক্ত সাংবাদিকতার কথা বলছি, তখন চাকরি যাচ্ছে বহু সাংবাদিকের।
“আইনগতভাবে সিদ্ধ হলেও ওয়েজবোর্ড পাচ্ছেন না সাংবাদিকরা, পাওনা পাওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত। চাকরির ন্যূনতম শর্তানুযায়ী নিয়োগপত্র তারা পাচ্ছেন না। শ্রম আইনের নিয়ম অনুযায়ী চাকরি চলে যাওয়ার পর পাওনা টাকা পর্যন্ত তারা পাচ্ছেন না।”
সাংবাদিকদের স্বাধীনতার পথে বাধা হিসেবে গণমাধ্যম মালিকদেরও সমালোচনা করেন ডেইলি অবজারভারের সম্পাদক ও মালিক ইকবাল সোবহান।
“মালিকদের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম স্বাধীনতার পরিপন্থি। যখনই সাংবাদিকরা মালিকদের কথা অনুযায়ী লিখতে পারছেন না, তখনই তাকে চাকরিচ্যুত করা হচ্ছে।”
তথ্য ও প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার সমালোচনা করে ইকবাল সোবহান বলেন, “প্রধানমন্ত্রী প্রথম মানহানি মামলায় সাংবাদিকদের গ্রেপ্তারি পরোয়ানা মামলার সাথে সাথে হবে, তা রোধ করে দিয়েছেন। আবার আরেক দিকে দেখি, ৫৭ ধারায় আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়। এটা সাংঘর্ষিক, একদিকে প্রধানমন্ত্রী আমাদের সাংবাদিকদের হয়রানির হাত থেকে মুক্ত করেছেন, অন্যদিকে রাষ্ট্রের আরেকটি আইনে আমাদের গ্রেপ্তার করে হয়রানির ব্যবস্থা রাখা হয়েছে। এ সাংঘর্ষিক অবস্থা থেকে আমরা সাংবাদিক সমাজ মুক্ত হতে চাই। গণমাধ্যম মুক্ত হতে চায়।
“আমরা ধন্যবাদ জানাতে চাই আইনমন্ত্রীকে। এ বাস্তবতা উপলব্ধি করে তিনি বলেছেন ৫৭ ধারা বাতিল করা হবে।”
সেমিনারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, “আমাদের দাবি থাকবে আমরা যেন নির্বিঘ্নে সাংবাদিকতা করতে চাই, বাধাহীনভাবে সাংবাদিকতা করতে চাই।”
অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ইনকিলাবের সাংবাদিকদের চাকরিচ্যুত করার নিন্দা জানিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বাংলাদেশ নিউজের সম্পাদক আজিজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কামরুদ্দীন হীরা।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন ইনচার্জ ড. উৎপল সরকার, দি হরাইজন পত্রিকার সম্পাদক সৈয়দ মনজুর মোর্শেদ।
