মোহাম্মদপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিক এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিলা আক্তারের (১৮) স্বামীর নাম সোহেল রানা (২৫)। এই দম্পতি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
সোমবার রাত দেড়টার দিকে ওই বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাকিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান।
এ ঘটনায় শাকিলার স্বামী সোহেলকে আটক করা হয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের জানিয়েছেন।”
শাকিলার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
